২৮ মার্চ ২০২১
নিজস্ব প্রতিবেদক : সারাদেশের মতো সিলেটেও হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতাল হয়েছে। হরতালকে ঘিরে নগরজুড়ে ব্যাপক পিকেটিং করছে সংগঠনটির নেতারা। আর হেফাজত কর্মীদের প্রতিহতের ঘোষনা দিয়েও রাজপথে নিরব রয়েছে ক্ষমতাশীন দল আওয়ামীলীগ।
রোববার সকাল ৬টা থেকে পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি পালনের লক্ষে সিলেটে রাস্তায় নেমেছেন হেফাজতের নেতাকর্মীরা।
নগরীর বেশ কয়েকটি পয়েন্ট ঘুরে দেখা যায়, গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে কাগজ জড়ো করে তাতে আগুন ধরিয়ে পিকেটিং করছে তারা। বিভিন্ন রাস্তায় পিকেটিং শুরু করেছেন, চলতে দিচ্ছেন না কোনো ধরনের যানবাহন।সেই সাথে যেসব যানবাহন চলাচল করছে তাদের আটকিয়ে চাকার বাতাস ছেড়ে দিতে দেখা যায়।
ভোরে নেতাকর্মীরা রাস্তায় নামার সঙ্গে পুলিশও অবস্থান নিয়েছে নগরীর বিভিন্ন স্থানে। হরতালের সমর্থনে হেফাজতের মিছিল চলাকালে নগরীর কোর্ট পয়েন্টে পুলিশ সদস্যদের সতর্কভাবে দাঁড়িয়ে দেখা যায়।
অপরদিকে, হেফজতে ইসলামকে উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠী আখ্যা দিয়ে হরতাল ও সহিংস কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়েও মাঠে দেখা যাচ্ছেনা আওয়ামীলীগ নেতাকর্মীদের। অতচ শনিবার প্রেসবিজ্ঞপ্তি দিয়ে হেফাজতকে প্রতিহত করার ঘোষনা দিয়েছিল সিলেট জেলা আওয়ামী লীগ।
এদিকে, হেফাজতে ইসলামের ডাকা হরতালকে কেন্দ্র করে সকল ধরনের নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে সিলেটে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী। পুলিশের পাশপাশি রোববার সারাদিন সিলেটে মাঠে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া নগরীতে ৬জন নির্বাহী মাজিস্ট্রেটও মাঠে রয়েছেন।
সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশসহ, আমর্ড পুলিশ এবং র্যাবও মাঠে রয়েছে।
প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে শুক্রবার ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে ও চট্টগ্রামের হাটহাজারীতে সংঘর্ষ এবং চারজন নিহতের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে আজ রোববার (২৮ মার্চ) সারা দেশে হরতাল ঢেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।