২৩ মার্চ ২০২১


জগন্নাথপুরে আত্মসমর্পণ করলেন ৪৮ আসামী

শেয়ার করুন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোণা গ্রামে পুলিশকে মারধর করে ডাকাতির মামলার ওয়ারেন্টভূক্ত আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় পুলিশ এসল্ট মামলার ৪৮জন আসামি থানায় এসে আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার সকালে আসামিরা থানায় এসে আত্মসমর্পণ করলে পুলিশ তাদের আদালতে পাঠায়।

পুলিশ জানায়, গত ১৪ মার্চ থানার এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে তিন পুলিশ সদস্য উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোণা গ্রামের মৃত ইছকন্দর আলীর ছেলে ডাকাতি ও গণধর্ষণ মামলার ওয়ারেন্টভূক্ত আসামি আব্দুল হাশিম (৪৫) কে অভিযান চালিয়ে গ্রেফতার করে নিয়ে আসার সময় আসামির লোকজন সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরিহিত অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

এঘটনায় হামলার শিকার থানার এসআই শহিদুল ইসলাম বাদী হয়ে ৫৩ জনের বিরুদ্ধে থানায় পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। তাৎক্ষণিক চার জনকে গ্রেফতারসহ ১৯ মার্চ ছিনিয়ে নেওয়া আসামি আব্দুল হাশিমকে গ্রেফতার করা হয়।

হামলার পরদিন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান ও থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে নিয়ে স্থানীয় শান্তির বাজারে অপরাধ দমনে এক সভা করেন। এসময় তাদের আহ্বানে সাড়া দিয়ে এলাকাবাসী আসামিদের ধরিয়ে দিতে আশ্বাস দেন। যার প্রেক্ষিতে আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল সত্তার নেতৃত্বে ঐয়ারকোণা গ্রামের মাসুম আহমদ, মেবুল মিয়া, ফরতাব আলি ও জহির মেম্বারসহ এলাকাবাসীর সহায়তায় বাকি ৪৮ আসামি থানায় এসে আত্মসমর্পণ করে।

জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আসামিরা থানায় এসে আত্মসমর্পণ করেছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সুনামগঞ্জের পুলিশ সুপারের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে আসামিরা আত্মসমর্পণ করেছে।

শেয়ার করুন