২৩ মার্চ ২০২১
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছেন ৭০জন। প্রায় দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে ইট-পাটকেল ও দেশীয় অস্ত্রের ব্যবহার করেছে দু’পক্ষের লোকজন।
মঙ্গলবার সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ রেললাইনে হাসনাবাদ ও করছখালী গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত হাসনাবাদ গ্রামের হাজী কদরুল ইসলাম, ইউপি সদস্য সদরুল ইসলাম, গ্রামের আরশ আলী, শামছু মিয়া, সাগর আহমদ, করছখালী গ্রামের শামসুল হক, সফির উদ্দিন সাদ্দাম, বিলাল আহমদ, নুমান আহমদ, ওয়ারিছ আলী, সফিকুল হক, সাহাব উদ্দিনসহ ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদের মধ্যে নুরুল ইসলাম, সুজন মিয়া, রইছ আলী, বাহা উদ্দিন শাহী, খালিদ মিয়া, আব্দুল হাই, আরকান আলী, হাবিবুর রহমান হবীল, জয়নাল মিয়া, নুর আলম, আব্দুর রহিম, আব্দুল আউয়াল, কবির আহমদ, আব্দুল আলীসহ আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, সোমবার সন্ধ্যায় স্থানীয় হাসনাবাদ বাজারে একটি সিএনজি অটোরিকশা রাখা নিয়ে করছখালী গ্রামের ওলিউর রহমান ও হাসনাবাদ গ্রামের রুহুল আমিনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি তাৎক্ষনিক নিষ্পত্তি হলেও এর জের ধরে মঙ্গলবার সকালে দু’ গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সংঘর্ষে লিপ্ত হয় দু’গ্রামের লোকজন। দুই ঘন্টা সংঘর্ষের পর স্থানীয় লোকজনের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।
ঘটনার দীর্ঘ সময় পর ছাতক থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। ছাতক থানার ওসি নাজিম উদ্দিন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।