২২ মার্চ ২০২১


সেতুর কাজের মান নিয়ে প্রশ্ন!

শেয়ার করুন

কাউসার চৌধুরী : সিলেট বিভাগের সর্ববৃহৎ রাণীগঞ্জ সেতুসহ ৮টি সেতু নির্মাণ করছে ঢাকার নির্মাণ প্রতিষ্ঠান এম.এম. বিল্ডার্স। প্রায় ২০০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এসব সেতু। পাগলা-আউশকান্দি সড়কের কোন্দানালা সেতুর ৫টি গার্ডার এক সাথে ধসে পড়ার পর থেকেই এম এম বিল্ডার্সের কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের(সওজ) প্রধান প্রকৌশলী আব্দুস সবুর বলছেন, এক সাথে ৫টি গার্ডার ধসে পড়া তিনি কখনও দেখেননি। আর মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব নজরুল ইসলাম জানিয়েছেন, বিষয়টির তদন্ত চলছে। ঠিকাদার- ইঞ্জিনিয়ার যে কারো গাফিলতির প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সওজ সূত্রে জানা গেছে, পাগলা- আউশকান্দি সড়কের রাণীগঞ্জে কুশিয়ারা নদীর উপর ৭০২ দশমিক ৩২ মিটার দীর্ঘ বক্স গার্ডার সেতু নির্মাণ কাজ ২০১৬ সালের আগস্টে শুরু হয়। ২০১৯ সালের আগস্টে মূল সেতু নির্মাণ শেষ হবার কথা ছিল। কিন্তু, নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার ২০২২ সালের জুন পর্যন্ত কাজের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। প্রথমে এর ব্যয় ৮৩ কোটি ৯৫ লাখ টাকা নির্ধারণ করা হলেও পরবর্তীতে তা ৯১ কোটি ৭ লাখ টাকায় উন্নীত করে সওজ।

সূত্র জানায়, ১৩টি পিলারের উপর নির্মিত হচ্ছে সিলেট অঞ্চলের দীর্ঘতম এই সেতু।
এতে ২টি এবাটমেন্ট ও ১৫টি স্পেন থাকবে। থাকবে ৬০টি নরমাল গার্ডার ও ৩টি বক্স গার্ডার। ২০১৬ সালের মাঝামাঝি সময়ে কুশিয়ারা সেতু নির্মাণের কার্যাদেশ পায় রাজধানী ঢাকার নির্মাণ প্রতিষ্ঠান এম.এম. বিল্ডার্স।

সওজ সূত্র জানায়, একই সড়কে ৭টি সেতু নির্মাণের জন্যে একটি প্রকল্প ২০১৮ সালের ২ জানুয়ারি অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এরপর সকল প্রক্রিয়া শেষে একই বছরের ডিসেম্বরে এম.এম. বিল্ডার্সকে কার্যাদেশ দেয় সওজ। এতে ব্যয় ধরা হয় ১০৯ কোটি ৭ লাখ টাকা। চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রকল্পটি সম্পন্নের কথা রয়েছে। দু’টি প্যাকেজে সেতুটির দরপত্র আহ্বান করা হয়।

সূত্র জানায়, একটি প্যাকেজে ৭০ মিটার দৈর্ঘ্যরে আক্তাপাড়া সেতু, ৫০ দশমিক ১২ মিটার দৈর্ঘ্যরে কোন্দানালা সেতু ও ৯৪ দশমিক ২৭ মিটার দৈর্ঘ্যরে দারাখাই সেতু নির্মাণে ব্যয় ধরা হয় ৫১ কোটি ৮৪ লাখ টাকা। অন্য প্যাকেজে ৬৩ দশমিক ৭৯ মিটার দৈর্ঘের কলকলিয়া সেতু, ৫০ দশমিক ১২ মিটার দৈর্ঘ্যরে খাশিলা সেতু, ৬৯ দশমিক ৮৯ মিটার দৈর্ঘ্যরে নাদামপুর সেতু ও ৬৯ মিটার দৈর্ঘ্যরে কাটাখাল সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি ২৩ লাখ টাকা। একটি প্যাকেজে ৩টি ও অপর প্যাকেজে ৪টি সেতু নির্মাণ কাজ করছে এম.এম. বিল্ডার্স। বৃহৎ রাণীগঞ্জ সেতুসহ এই ৮ সেতুর কাজ কয়েক বছর ধরেই চলছে। শক্তিশালী গার্ডারের উপরই সেতুগুলো নির্মিত হচ্ছে বলে সওজ সূত্র জানিয়েছে।

এদিকে, ৮ সেতুর নির্মাণকাজ চলাকালেই গত ২৮ ফেব্রুয়ারি দিনগত রাতে হঠাৎ করেই কোন্দানালা সেতুর ৫টি গার্ডার একই সাথে ধসে পড়ে। দিনভর শ্রমিকরা কাজ শেষে চলে যাওয়ার পরই বিকট শব্দে সবকটি গার্ডার ধসে পড়ে গিয়ে ধ্বংস্তূপে পরিণত হয় সেতুটি। রাতে গার্ডার ধসার ফলে শ্রমিকরা হতাহত থেকে রক্ষা পায়। একটি গার্ডারের ওজন ১৬০ মেট্রিক টন। সেতুর গার্ডার ধসের ঘটনা মুহূর্তেই সর্বত্র ছড়িয়ে পড়ে। ভোরেই এলাকার বিপুল সংখ্যক লোক ঘটনাস্থলে ছুটে যান। সেতু ধসের ঘটনায় সর্বস্তরের লোকের মাঝে এম.এম. বিল্ডার্সের কাজের মান নিয়ে প্রশ্ন উঠে।

একই সাথে ৫ গার্ডার ধসের ঘটনায় দেশব্যাপী তোলপাড় শুরু হলে সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব নজরুল ইসলাম ৫ মার্চ সরেজমিন কোন্দানালা সেতু পরিদর্শনে আসেন। এসময় তার সাথে সওজের সিনিয়র কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

গার্ডার ধসের ঘটনায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে মন্ত্রণালয়। অপরদিকে সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শিশির কান্তি রায়কে প্রধান করে ৩ সদস্যের আরেকটি তদন্ত কমিটি করা হয়। এখনো তদন্ত কমিটি দু’টির তদন্ত প্রতিবেদন জমা পড়েনি বলে জানা গেছে।

সূত্রমতে, নিম্নমানের সিমেন্ট ব্যবহার ও মানহীন পাথরের ফলে গার্ডারগুলো নির্ধারিত মানে তৈরি হয়নি। সওজ কর্মকর্তাদের যথাযথ মনিটরিং না করার সুযোগ নেয় এম.এম. বিল্ডার্স।

স্থানীয় লোকজন জানান, সুনামগঞ্জের সাথে রাজধানী ঢাকার সরাসরি সড়ক যোগাযোগের দূরত্ব কমাতে এই সড়কটি নির্মাণ করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ। বর্তমান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি’র হাত ধরেই পূর্ণতা পায় এই সড়কটি। কিন্তু নির্মাণ প্রতিষ্ঠানের কাজের মান নিয়ে উদ্বিগ্ন স্থানীয় লোকজন। এজন্যে সরকারের সংশ্লিষ্ট সকল সংস্থার কঠোর নজরদারী বাড়ানোর তাগিদ তাদের।

এম.এম. বিল্ডার্সের প্রকৌশলী হারুন রশিদ বলেন, কাজ করলে এমন ঘটনা ঘটতেই পারে। লোকজন অহেতুক ভুল ধারণা করছেন। অনেকে না বুঝেই নানান মন্তব্যও করেন। আগামী জুনের মধ্যে সেতুর পুরোকাজ সম্পন্ন হয়ে যাবে। কাজের মানও ঠিক আছে বলে দাবি করেন এই প্রকৌশলী।

সুশাসনের জন্যে নাগরিক (সুজন) সিলেট বিভাগীয় সমন্বয়কারী ফারুক মাহমুদ চৌধুরী বলেন, কর্মকর্তাদের আশ্রয় প্রশ্রয় পেয়েই ঠিকাদাররা বেপরোয়া হয়ে অনিয়ম-লুটপাট করেন। এই সেতু নিমাণেও তেমনটি হয়েছে। না হয় একই সাথে সবকটি গার্ডার ধসে পড়ার কথা নয়। কখনো এমন খবরও শোনা যায়নি। এই দুর্নীতির সাথে যারা জড়িত-এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

সওজ সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উৎপল সামন্ত বলেন, তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে আমাদের নজরদারী রয়েছে। কাজের মানের বিষয়টিও মনিটরিং করা হচ্ছে বলে জানান এ প্রকৌশলী।

সওজের প্রধান প্রকৌশলী আব্দুস সবুর বলেন, ৫টি গার্ডার এক সাথে ধসে পড়েছে বলে আমার জানা নেই। কাজের কোয়ালিটি নিশ্চিত করা হচ্ছে কি না তা পর্যালোচনা করে দেখা হচ্ছে। নির্বাহী প্রকৌশলীর কোন গাফিলতি আছে কি না কিংবা অন্য কারো গাফিলতি আছে কি না; যার ব্যাপারেই তথ্য প্রমাণ মিলবে তার বিরুদ্ধেই এ্যাকশন নেয়া হবে।

মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব নজরুল ইসলাম বলেন, সড়ক বিভাগের তদারকিতে দুর্বলতা বা মনিটরিং সুপারভিশন কম ছিল কি না তার তদন্ত হচ্ছে। কোন ইঞ্জিনিয়ারদের গাফিলতি থাকলে, দায়িত্ব পালনে অবহেলা থাকলে অবশ্যই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ঠিকাদারের বিষয়ে অনিয়মের বিষয়টি প্রমাণিত হলে ঠিকাদারের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। ব্যবস্থা নেয়ার সদিচ্ছা থেকেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে কোন আপস নেই। গার্ডার ধসে কোন প্রাণহানি না হওয়ায় তিনি মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন।

শেয়ার করুন