১৬ মার্চ ২০২১


ছাত্রলীগ নেতাসহ চোরাই গাড়ি সিন্ডিকেটের দুই সদস্য আটক

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ চোরাই গাড়ি সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকরা হচ্ছেন-মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল পাঠান ও হবিগঞ্জ শহরের সদর হাসপাতাল সংলগ্ন ফার্মেসি ব্যবসায়ী রুবেল।

মঙ্গলবার গোয়েন্দা পুলিশের ঢাকার একটি টিম শহরে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে তিনটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

সদর থানার ওসি মো. মাসুক আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটকরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই গাড়ি কিনে এনে শহরে বিক্রি করছিলেন। এ সংবাদ পেয়ে ঢাকার গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার সকালে শহরে অভিযান চালায়। এসময় সদর হাসপাতালের সামনে মা ফার্মেসির স্বত্বাধিকারী এএইচ রুবেলকে আটক করা হয়। তার কাছ থেকে একটি চোরাই প্রাইভেটকার জব্দ করা হয়। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে তার অন্যতম সহযোগী শ্যামলী এলাকার বাসিন্দা রহমান আলীর ছেলে তারেকুল ইসলাম অলির বাসা থেকে আরও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে তারেক পালিয়ে যান।

রুবেলের দেয়া তথ্যের ভিত্তিতে মাধবপুরে অভিযান চালিয়ে তার আরেক সহযোগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল পাঠানকে কৃষ্ণনগরে তার বাসা থেকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাধবপুর থেকে আরও দুইটি মাইক্রোবাস জব্দ করা হয়।

শেয়ার করুন