১১ মার্চ ২০২১


করোনায় মারা গেলেন এমপি কয়েস

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মাহমুদ উস সামাদের ব্যক্তিগত সচিব জুলহাস আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এর আগে গতকাল মাহমুদ উস সামাদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী জুলহাস আহমদ গণমাধ্যমকে এমপি কয়েসের করোনা আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, গত রবিবার রাতে হাসপাতালে ভর্তি করার পর সোমবার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়। বিকালে তার করোনার ফলাফল পজিটিভ আসে। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই আজ না ফেরার দেশে চলে যান এই সংসদ সদস্য।

মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

১৯৫৫ সালের ৩ জানুয়ারি জন্ম নেয়া মাহমুদ উস সামাদ চৌধুরী বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে সাংসদ নির্বাচিত হন তিনি।

শেয়ার করুন