৮ মার্চ ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে বিজিবির অভিযানে উদ্ধার হওয়া রকেট লঞ্চারের ১৮টি গোলা নিষ্ক্রিয় করতে সাতছড়িতে পৌঁছেছে সেনাবাহিনীর বিশেষ বোম ডিস্পোজাল ইউনিট।
মঙ্গলবার দুপুরে সেনাবাহিনীর ক্যাপ্টেন আরিফ ইশতিয়াক গালিবের নেতৃত্বে ১১ সদস্যের বিশেষ ওই ইউনিট সাতছড়িতে পৌঁছায়। পরে সেখানে তারা বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু করেন।
এর আগে গত ২ মার্চ সন্ত্রাসীদের অস্ত্র ও গোলাবারুদ মজুতের গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি রিজার্ভ ফরেস্টে বিজিবি সদস্যরা অভিযান চালান।
হবিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল সামীউন্নবী চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে মাটির নিচ থেকে পলিথিনে মোড়ানো প্লাস্টিকের কাভারে রকেট লঞ্চারের ১৮টি গোলা উদ্ধার করা হয়। পরে ৩ মার্চ সংবাদ সম্মেলন করে রকেট লঞ্চারের গোলা উদ্ধারের বিষয়ে জানা বিজিবি। ৪ মার্চ রাত সাড়ে ৭টায় সাতছড়িতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অভিযান শেষ করে বিজিবি।