২৮ ফেব্রুয়ারি ২০২১


নগরজুড়ে ‘হিযবুত তাহরীর’ পোষ্টার, জঙ্গি নাঈম গ্রেপ্তার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :  নগরীর চারাদীঘির পাড় এলাকা থেকে এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গতকাল শনিবার চারাদীঘিরপাড় নুরজাহান ভিলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য মোহাইমিনুল ইসলাম ওরফে নাঈমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাঈম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার পায়েরখোলা গ্রামের কাজী শামসুল আলমের পুত্র। তিনি সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

রোববার র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি আফসান-আল-আলম নিশ্চিত করে জানান, গত ১৮ ফেব্রুয়ারি সিলেট নগরীর বিভিন্নস্থানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের ‘খিলাফতরাষ্ট্র ধ্বংসের একশবছর’ শিরোনামে কিছু পোস্টার দেখা যায়। পোস্টারে উল্লেখ করা হয়, “বিশ্বের একশ শহর থেকে মুসলিম উম্মাহর প্রতি হিযবুত তাহরীরের আহবান – খিলাফত প্রতিষ্ঠা করুন।”

সিলেট নগরীতে হঠাৎ করেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় কার্যক্রমের প্রেক্ষিতে র‌্যাব-৯ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং একাধিক আভিযানিক দল জঙ্গি বিরোধী কার্যক্রম জোরদার করে।

এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন -৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম এবং এএসপি একে এম কামরুজ্জামান এর নেতৃত্বে অভিযান চালিয়ে শনিবার নাঈমকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে জঙ্গিবাদ সংক্রান্ত লিফলেট এবং সরকার ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিরোধী বিভিন্ন ধরনের লিফলেট উদ্ধার করা হয় এবং গ্রেপ্তারের পর র‌্যাব সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ আসামীকে নগরীর কোতোয়ালি থানায় হস্তান্তর করে বলেও জানান তিনি।।

শেয়ার করুন