২৬ ফেব্রুয়ারি ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বাসের চাপায় আবেদুর রহমান সোহাগ (১৮) নামে এক ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন যাত্রী। নিহত সোহাগ জেলার চুনারুঘাট উপজেলার হাঁসারগাঁও গ্রামের আব্দুল আজিদের ছেলে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে,সোহাগ তার ব্যাটারি চালিত ইজিবাইকটিতে যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ আসছিলেন। পথে জগতপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস ইজিবাইকটিকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ইজিবাইকচালক সোহাগ ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হন ইজিবাইকে থাকা তিন যাত্রী। দুর্ঘটনায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেছে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতরা একই হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ গাড়ি দু’টি জব্দ করেছে।