২৪ ফেব্রুয়ারি ২০২১


২৫ কিলোমিটারের মধ্যে ২০ বার ইঞ্জিন বিকল ট্রেনের

শেয়ার করুন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : মাত্র ২৫ কিলোমিটার জায়গার মধ্যে সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয় ২০ বার। তাই সকাল ৬টা ১৫ মিনিটে সিলেট থেকে ছেড়ে যাওয়া ট্রেন মাইজগাঁও স্টেশনে ৬টা ৫৫ মিনিটে পৌঁছার কথা থাকলেও আড়াই ঘন্টা বিলম্ব করে সাড়ে নয়টায় মাইজগাঁও রেলস্টেশনে পৌঁছে ট্রেনটি। পরে মাইজগাঁও স্টেশন আসার পর বিকল ইঞ্জিনটি পরিবর্তন করা হয়।

বুধবার সকালে এ ঘটনা ঘটে।

এদিকে, মাত্র ২৫ কিলোমিটারের মধ্যে ট্রেনের ইঞ্জিন ২০ বার বিকল হওয়া নিয়ে দেখা দিয়েছে ক্ষোভ-বিড়ম্বনা। আর কর্তৃপক্ষ বলছেন দায় সারা কথা।

ট্রেনে থাকা যাত্রীরা জানান, সিলেট থেকে কালনী এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার পর খালরমুখ বাজার থেকে মোগলাবাজার পর্যন্ত ইঞ্জিন ৩ বার নষ্ট হয়। মোগলাবাজার থেকে ফেঞ্চুগঞ্জের ইলাশপুর পর্যন্ত বিভিন্ন বাজার সহ ছোটবড় প্রায় সব রেলক্রসিংয়ে এসে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। কুশিয়ারা রেল ব্রিজে উঠার পরে ব্রিজের মধ্যখানে এসে ইঞ্জিন বিকল হয়। ব্রিজ পার হয়ে মাইজগাঁও রেলস্টেশন আসার পথে আরও ৩ বার ইঞ্জিন নষ্ট হয়।

ট্রেনে থাকা শামসুদদোহা খাঁন নামে একজন যাত্রী জানান, সিলেট স্টেশন থেকে মাইজগাঁও স্টেশন আসার পথে অন্তত ২০বার ইঞ্জিন বিকল হয়। ঢাকাতে যাচ্ছি মেয়েকে ডাক্তার দেখানোর জন্য। বেলা ২টায় ডাক্তার দেখানোর কথা। ঢাকাতে পৌঁছে ডাক্তার দেখাতে পারবো কিনা বুঝতেছিনা।

সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. খলিলুর রহমান বলেন, ইঞ্জিন বিকল হয়েছিল পরবর্তীতে অন্য একটি ইঞ্জিন লাগিয়ে ট্রেন যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। তবে কি কারণে এতোবার ইঞ্জিন বিকল হয় তা তিনি তাৎক্ষণিক বলতে পারেননি।

শেয়ার করুন