৮ মে ২০২৩


জাফলংয়ে আটকে রাখা লজ্জাবতী বানর উদ্ধার ও অবমুক্ত

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের জাফলংয়ে প্রায় দু’দিন আগে একটি লজ্জাবতী বানর আটক করেছিলেন আবু হানিফ নামের স্থানীয় এক ব্যক্তি। পরে বানরটিকে খাঁচায় বন্দী করে রাখেন তিনি। প্রথমে সিলেট বন বিভাগের পক্ষ থেকে আবু হানিফ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বানরটি ফিরিয়ে দিতে অপরাগতা প্রকাশ করেন। অবশেষে সোমবার ৮ মে সকাল ১০টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের শান্তিনগর গ্রামের আবু হানিফ মিয়ার কাছ থেকে বানরটিকে উদ্ধার করে বন বিভাগ।

বন বিভাগ জানিয়েছে, লজ্জাবতী বানর খুবই নিরীহ ও লাজুক প্রজাতির প্রাণী। সাধারণত নরম ফল খেয়ে থাকে এ বানরটি। প্রায় দু’দিন আগে শান্তিনগর আবু হানিফ মিয়া বাড়ির নারকেলগাছ থেকে বানরটিকে আটক করেন। পরে তিনি খাঁচায় রেখে বানরটি পালন করে আসছিলেন। লজ্জাবতী বানর আটকের খবর পেয়ে বন বিভাগের পক্ষ থেকে আবু হানিফ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সেটি হস্তান্তরে সাড়া দিচ্ছিলেন না। পরে বন বিভাগের জাফলং বিট কর্মকর্তা হাবিবুর রহমান’র নেতৃত্বে বন বিভাগের একটি দল আবু হানিফ মিয়ার বাড়িতে গিয়ে বানরটি উদ্ধার করে।

সিলেট সারী রেঞ্জ কর্মকর্তা মো. সালাহ উদ্দিন বলেন, বানরটি প্রথমে দিতে না চাইলেও বুঝিয়ে বলার পর আবু হানিফ মিয়া সেটি বন বিভাগকে হস্তান্তর করেন। পরে বানরটিকে উদ্ধার করে বন বিভাগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। বানরটিকে খাবার দিয়ে সারী রেঞ্জ’র জাফলং সংরক্ষিত বনাঞ্চলে স্থানীয় সাংবাদিক ও এলাকার ব্যক্তিবর্গের উপস্থিতিতে বানরটি অবমুক্ত করা হয়েছে। বানরটি সুস্থ রয়েছে।

সালাহ উদ্দিন বলেন, লজ্জাবতী বানর সিলেটে এখন খুব একটা দেখা যায় না। তবে খাদিম উদ্যানে কয়েকটি লজ্জাবতী বানর রয়েছে।

শেয়ার করুন