১৫ ফেব্রুয়ারি ২০২১
ডেস্ক রিপোর্ট : দ্বিতীয় চালানে ২০-৩০ লাখ ডোজ করোনা টিকা আগামী ২২ ফেব্রুয়ারি দেশে আসছে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সোমবার সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকা গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পাপন বলেন, টিকা আনাটা চাহিদার ওপর নির্ভর করছে। এখানে চুক্তি লঙ্ঘন হওয়ার কোনও বিষয় নেই। টিকা নিয়ে সংকট হওয়ারও কোনও সুযোগ নেই।
তিনি বলেন, ক্রিকেটারদের কাউকে টিকা নিতে বাধ্য করা হচ্ছে না। যে খুশি সে টিকা নিতে পারে।
নিউজিল্যান্ড সফর নিয়ে পাপন বলেন, নিউজিল্যান্ড যেতে গতকাল রবিবারের মধ্যে ৫০ শতাংশ ক্রিকেটার টিকা নিয়েছেন। বাকিরা কিছুটা দোদুল্যমানতায় রয়েছে।
টেস্ট ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে। আমাদের ইম্প্রুভমেন্ট করতে হবে, এ উপলব্ধিটা আসতে হবে সবার মধ্যে। কালকে ছিল রাগের কথা। হেরে গেলে খারাপ লাগে, আপনাদেরও লাগে।
বিসিবি সভাপতি বলেন, মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। স্পিন ছাড়া খেলতে পারব না, এ চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। শট সিলেকশন নিয়ে ভাবতে হবে। আমরা যেভাবে আউট হয়েছি, এ শটে কেউ আউট হয় না। স্ট্র্যাটেজি এবং প্ল্যানিংয়ে পরিবর্তন আনতে হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা আনতে হবে। এছাড়া টেস্টের জন্য আলাদা টিম থাকতে হবে আমাদের।
এর আগে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ডের ৫০ লাখ করোনার টিকার প্রথম চালান গত ২৫ জানুয়ারি ঢাকায় আসে। যেটি ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে উপহার দেয়া হয়। সেরাম থেকে কেনা ৩ কোটি ডোজের প্রতিবারে ৫০ লাখ কের ৬ দফায় দেশে আসবে অক্সফোর্ডের এ টিকা।
গত ২৭ জানুয়ারি ৩০ জনকে সর্বপ্রথম এই টাকা দেয়া হয়। সর্বপ্রথম টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। আর ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হয় টিকাদান কার্যক্রম।
স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত ৯ লাখ ৬ হাজার ৩৩ জন টিকা নিয়েছেন। টিকা নেয়ায় পার্শ্বপ্রতিক্রিয়া দেখা ৪২৬ জনের মধ্যে।