৫ মার্চ ২০২৩
আজকের সিলেট ডেস্ক : কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন লেগেছে। আগুনে ইতিমধ্যে দুই হাজারের বেশি ঘড়বাড়ি পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রোববার বিকাল পৌনে ৩টার দিকে ১১ নম্বর ক্যাম্প থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ১০ ও ১২ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে ক্যাম্পে থেকে পালাতে থাকেন রোহিঙ্গারা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বিকাল পৌনে ৩টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ২৫ মিনিটের মধ্যেই সেখানে বাহিনীর প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর একে একে আরও নয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। বিকাল সোয়া পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে, রোহিঙ্গা নেতা সৈয়দউল্লাহ দাবি করেছেন, আগুনে ৯, ১০ ও ১১ নং ক্যাম্পের ৮টি ব্লকের কমপক্ষে হাজার ঘর পুড়ে গেছে। এই ক্যাম্পগুলোর কমপক্ষে ৪০ হাজার মানুষকে খোলা আকাশের নিচে থাকতে হবে।
এদিকে, আগুনের তীব্রতা বৃদ্ধির কারণে কক্সবাজার উখিয়া-টেকনাফ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেখানে দীর্ঘ কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। তবে সমস্যা সমাধানে মাঠে নেমেছে সেনাবাহিনীর একটি ইউনিট।