১০ ফেব্রুয়ারি ২০২১
মোঃ ফাহাদ আহমদঃ মৌলভীবাজার সদর উপজেলার চৌমুহনা, শমসেরনগর রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল রেষ্টুরেন্ট, ফার্মেসী সহ বিভিন্ন দোকানে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) এই তদারকি অভিযান করা হয়। এতে ৫টি প্রতিষ্ঠান থেকে সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়েছে।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ও তৈল বিক্রয় করার তাকে রাখা, মূল্য তালিকা না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, একই ফ্রিজে রান্না ও কাঁচা খাদ্য পণ্য সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে চৌমুহনাতে অবস্থিত বেঙ্গল ফুডকে ৮ হাজার টাকা, শমসেরনগর রোডে অবস্থিত সাগরিকা রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা, দিল্লি রেষ্টুরেন্টকে ১০ হাজার টাকা, সকাল সন্ধ্যা রেষ্টুরেন্টকে ৩ হাজার টাকা, হোটেল প্রিমিয়ামকে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত¡াববধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ ফোর্স এর সহযোগিতায় এ তদারকি অভিযান করা হয়। এসময় পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়েছে।