৬ ফেব্রুয়ারি ২০২১


বানিয়াচংয়ে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

শেয়ার করুন

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জাকিয়া বেগম (৬৫) নামে এক নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। হাতুড়ির আঘাতে ওই বৃদ্ধার পুরো মুখ ও মাথা থেতলে গেছে। নিহত জাকিয়া বেগম ওই এলাকার মৃত হান্নান ঠাকুরের স্ত্রী। ঘটনার সময় তিনি বাড়িতে একা ছিলেন।

শুক্রবার রাতে উপজেলার চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জাকিয়া বেগমের তিন ছেলের একজন ঢাকায় ব্যাংকে কর্মরত ও আরেকজন আমেরিকায় থাকেন। ছোট ছেলে যুবায়ের ঠাকুরকে নিয়ে তিনি বাড়িতে থাকতেন। শুক্রবার সন্ধ্যায় যুবায়ের তার মাকে ঘরে একা রেখে গ্যানিংগঞ্জ বাজারে যান। রাতে এসে দেখেন ঘরের সামনের দরজা বন্ধ ও পেছনের দরজা খোলা। পরে মায়ের মরদেহ দেখতে পেয়ে তিনি চিৎকার দেন।

বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন জানান, ওই নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারা হয়েছে। হাতুড়ির আঘাতে তার মুখ ও মাথা থেতলে গেছে। ছেলে জানিয়েছেন তিনি বিস্কুট আনতে বাজারে গিয়েছিলেন। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন