৫ ফেব্রুয়ারি ২০২১


দুই’শ টাকার জন্য যুবক খুন, ঘাতক সজিব গ্রেফতার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : মোবাইল ফোন বিক্রির ২০০ টাকার বিরোধের জেরে শহরতলীর হাওলদারপাড়ায় ছুরিকাঘাতে খুন হন রাজু দাস। নিহত রাজু নবীগঞ্জ উপজেলার সাওকা গ্রামের দুলাল দাসের ছেলে। এ ঘটনার সাথে জড়িত সজিব নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সজিব (২২) সুনামগঞ্জ জেলার শাল্লা থানার আনন্দপুর গ্রামের গোপি রায়ের ছেলে।

বৃহস্পতিবার রাতে দক্ষিণ সুরমার মোমিনখোলা এলাকা থেকে জালালাবাদ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মোবাইল ক্রয়-বিক্রয়ের পাওনা ২০০ টাকা নিয়ে জালালাবাদ থানাধীন দুসকী এলাকার গোপী রায়ের ছেলে সজিবের সাথে ঘটনার ২ ঘন্টা আগে নিহত রাজু দাসের ঝগড়া হয়। এ ঝগড়াকে কেন্দ্র করে সজিবসহ অজ্ঞাত ২/৩ জন মিলে রাজু দাসকে বাসা থেকে ডেকে নিয়ে হাওলদারপাড়াস্থ মজুমদার পল্লীর ভিতর বিষ্ণু ডিপার্টমেন্টাল স্টোরের সামনে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করলে সে গুরুতর আহত হয়।

এ সময় রাজুর চিৎকার শোনে আশপাশের বাসিন্দারা এসে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা খান জানান, এসআই মো. রফিকুল ইসলাম লাশের সুরতহাল প্রস্তুত করছেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে আছে।

শেয়ার করুন