১ ফেব্রুয়ারি ২০২১


উন্নত দেশ গঠনে শিক্ষাখাতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে : পরিকল্পনামন্ত্রী

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সবার জন্য শিক্ষা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, সরকার শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বহুতল ভবন, শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধিসহ শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। এই সরকার দেশের সব স্কুল-কলেজের পাশাপাশি আলিয়া মাদ্রাসাগুলোতেও অ্যাকাডেমিক ভবন নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। উন্নত দেশ গঠনে শিক্ষাখাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার।

সোমবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জামেয়া হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার ৪তলা ভিত বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর ও দুপুর ১২টায় পাগলা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন এবং দুপুর ১টায় আমড়িয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি জাতিকে সুস্থভাবে গড়তে শিশুদের শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে। সেই লক্ষ্যে সরকার বিনামূল্যে বই বিতরণ, শিক্ষাবৃত্তি, অবকাঠামো নির্মাণ, স্কুল জাতীয়করণ ও এমপিওভুক্তিসহ অনেক যুগান্তকারী পদক্ষেপ রেখেছে।

তিনিও আরও বলেন, দেশে এখন কোনও কিছুর অভাব নেই। জনগণের প্রয়োজনে সব করা হচ্ছে। দেশ এখন উন্নয়নের আলোয় আলোকিত। আর এসব উন্নয়ন কর্মযজ্ঞ সম্ভব হয়েছে বর্তমান সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার জন্যই।

এসময় সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পরিকল্পনামন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী মাসুম বিল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, থানার ওসি কাজী মোক্তাদির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ কালাশাহ, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, পাগলা হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম, আমড়িয়া দাখিল মাদ্রাসার সুপার আবু নছর মোহাম্মদ ইব্রাহীম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন