৩০ জানুয়ারি ২০২১


উচ্ছ্বাস নেই এমসির সবুজ ক্যাম্পাসে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : এইচএসসিতে সবসময়ই সিলেট বোর্ডে সেরা হয় মুরারিচাঁদ (এমসি) কলেজ। এ কারণে ফল প্রকাশের দিনে উঁচু-নিচু টিলা ব্যষ্টিত সবুজ এ ক্যাম্পাসে ফলপ্রার্থী মেধাবীরা ভিড় করেন। কলাভবনের অধ্যক্ষ ভবনের টিলার সিঁড়িতে দাঁড়িয়ে যখন কলেজের অধ্যক্ষ হ্যান্ড মাইকে ফল ঘোষণা করেন, তখন বাধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে ওঠে ফলপ্রার্থীরা। ঢাক-ঢোলের বাদ্যের তালে পুরো ক্যাম্পাসে ছড়ায় আনন্দ।

তবে এ বছর সেই দৃশ্য নেই। শনিবার ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পূর্ব ঘোষণা অনুসারে অনলাইনে ফল প্রকাশ করা হয়েছে। এ কারণে ফল প্রকাশের দিনে কলেজ সুনসান নীরবতা। নেই এইচএসসি উত্তীর্ণদের উল্লাস কোলাহল। নেই বাদ্যের শব্দ। বন্ধ রয়েছে কলেজের প্রধান ফটকও। করোনা মহামারির সময় ফল প্রকাশে সেই দৃশ্যই দেখা গেলো। করোনা মহামারির কারণে এবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ফলে পূর্বের পাবলিক পরীক্ষার ফলাফল মূল্যায়ন করে এইচএসসির ফলাফল প্রকাশ করা হয়েছে।

যেকোনো পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিন থাকে অভিভাবক ও শিক্ষার্থীদের বাধভাঙ্গা উচ্ছ্বাস। কিন্তু মহামারি করোনায় সেই বাঁধভাঙ্গা উচ্ছ্বাস নিবৃত্ত করে দিলো।

এবার এইচএসসি ফল প্রকাশের পর মিডিয়ায় কোনো ব্রিফিংও করেননি কলেজ কর্তৃপক্ষ। অন্য বছর ফল প্রকাশের সময় থাকে প্রাণচাঞ্চল্য। বাঁশি আর হারমনিয়াম নিয়ে উচ্ছ্বাসে মেতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

দুপুরে কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা গেলো সুনসান নীরবতা। প্রধান ফটকে ঝুলছে তালা। তবে পকেট ফটক খোলা রয়েছে। নেই কোন ফলপ্রার্থীও। ফটকে দায়িত্বরতরা জানান, ‘এবার করোনার কারণে ফলাফল অনলাইনে দেওয়া হবে, কলেজে জড়ো হওয়া নিষেধ, তাই শিক্ষার্থী-অভিভাবকরা আসেননি’।

শুধু এমসি’ই নয়; সিলেটের ছোটবড় সকল কলেজেই একই দৃশ্যপট। একেবারেই অচেনা ক্যাম্পাস। দু’একজন শিক্ষার্থী ও অভিভাবক এসেছেন ক্যাম্পাসে। নেই কোনো রাখঢাক। নেই শিক্ষার্থীদের হুল্লোড়, আনন্দ-উচ্ছ্বাস।

শেয়ার করুন