২৮ জানুয়ারি ২০২১


কানাডার সাথে বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ ডিগ্রি চালু

শেয়ার করুন

প্রবাস ডেস্ক : কানাডায় বাংলাদেশের হাই কমিশনার ড. খলিলুর রহমান জানিয়েছেন, কানাডার শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথভাবে ডিগ্রি চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি কানাডার বিভিন্ন প্রদেশের শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে এ নিয়ে আলোচনা করছেন বলেও জানিয়েছেন।

কানাডায় নব নিযুক্ত হাই কমিশনার ড. খলিলুর রহমান বলেন, এ ক্ষেত্রে সম্ভাবনা অনেক। তাই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক অব্যাহত রেখেছি। আমি এ ব্যাপারে এখানকার গ্লোবাল অ্যাফেয়ার্স এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে যাচ্ছি এবং দেশের সাথেও কাজ করে চলেছি।

তিনি বলেন, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যাতে কানাডায় বেশি করে আসার সুযোগ পায় এবং ডাবল ডিগ্রি ও যৌথ ডিগ্রির মাধ্যমে বাংলাদেশ ও কানাডার ইউনিভার্সিটিতে দুই বছর করে বা বাংলাদেশের ইউনিভার্সিটিতে শিক্ষা শেষ করে আসার পর এখানে পড়ার সুযোগ পায় সে চেষ্টা চলছে। এছাড়া শেষ দুই সেমিস্টার কানাডার ইউনিভার্সিটিতে শেষ করে যেন তারা কানাডার ওয়ার্ক পারমিট পায় সে বিষয়েও কাজ করছি। তারা যেন পার্মানেন্ট রেসিডেন্সি পায় এবং ফাইনালি তারা কানাডার সিটিজেনশিপ পায় সে বিষয়ে কাজ চলছে। আলটিমেটলি বাংলাদেশিদের সংখ্যা কানাডাতে যাতে বাড়ে, সেই লক্ষ্যে কানাডার শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ডিগ্রি চালুর উদ্যোগ নেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, যখন এই ডাবল ডিগ্রি এবং যৌথ ডিগ্রির বিষয়ে সমঝোতা হবে তখন কানাডিয়ান স্ট্যান্ডার্ডে আমাদের ইউনিভার্সিটিগুলো প্রথম দুই-তিন বছর বাংলাদেশে পড়াবে। এতে আমাদের ইউনিভার্সিটিতে শিক্ষার মানও বাড়বে।

শেয়ার করুন