২১ জানুয়ারি ২০২১
নবীগগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ-আউশকান্দি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সজীব আহমেদ (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সজীব উপজেলার দীঘলবাক ইউনিয়নের দৌলতপুর গ্রামের ছাদ মিয়ার ছেলে।
বুধবার রাতে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটারমাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন উপজেলার দীঘলবাক ইউনিয়নের দৌলতপুর গ্রামের ছাদ মিয়ার ছেলে সজীব আহমেদ।
পথিমধ্যে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটারমাটি এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা দ্রুত গতির একটি অজ্ঞাত গাড়ি পাশ কাটিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়।
এ সময় মোটরসাইকেল আরোহী সজীব মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। তখন আউশকান্দি হতে নবীগঞ্জগামী সরকারি একটি রেকারের চাকার নিচে সজীবের পা চাপা পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে সজীবকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।