১৩ জানুয়ারি ২০২১


বড়লেখায় পুকুর পাড় থেকে ইউপি সদস্যের লাশ উদ্ধার

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য শামীম আহমদের (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা দুইটার দিকে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের কবিরা গ্রামের বন্ধন ব্রিক ফিল্ডের পাশের একটি পুকুর পাড় থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহত শামীম উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের জছির আলীর ছেলে।
পুলিশ, স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় ইউপি সদস্য শামীম আহমদ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সোমবার রাতে তিনি আর বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন তাকে ঘরে না পেয়ে তার মুঠোফোনে কল দেন এবং বিভিন্নস্থানে তাকে খুঁজতে থাকেন। সকালে নয়টার দিকে স্থানীয় লোকজন কবিরা গ্রামের বন্ধন ব্রিক ফিল্ডের পাশের একটি পুকুর পাড়ে তার লাশ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা বিষয়টি তার স্বজন ও পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। শামীম আহমদ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন।
নিহত ইউপি সদস্য শামীম আহমদের চাচাতো ভাই দক্ষিণ শাহবাজপুর ইউপির চেয়ারম্যান শাহাব উদ্দিন জানান, এ মৃত্যু নিয়ে আমাদের কারও কোনো অভিযোগ নেই। শামীমের সাথে কারও শত্রæতা আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, তা ঠিক জানা নেই। যেহেতু পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। রিপোর্ট এলে বোঝা যাবে তিনি কিভাবে মারা গেছেন।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ জানান, ইউপি সদস্য শামীম আহমদের লাশ একটি পুকুর পাড় থেকে উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের লোকজনের কাছ থেকে শুনেছি তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। হয়তো হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন। তারপরও তিনি যেহেতু একজন জনপ্রতিনিধি তাই লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেল মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন