১০ জানুয়ারি ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ১৩ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সিলেটের ১২ এবং সুনামগঞ্জের ১ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৭১০ জন। এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ৮৮৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৮০ জন, হবিগঞ্জে ১৬০২ জন এবং মৌলভীবাজারের ১৭৪১ জন সুস্থ হয়েছেন।
রোববার সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
একই সময়ে আরও ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৫৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯ হাজার ২৬৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫২০, হবিগঞ্জে ১ হাজার ৯৬৮ এবং মৌলভীবাজারে ১ হাজার ৯০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬৭ জন। এরমধ্যে সিলেট জেলার ২০৩ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন।
আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৮৯ জন। এরমধ্যে ৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
অন্যদিকে গত ১০ মার্চ থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২৩ হাজার ২৭৫ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২২ হাজার ৪৭৮ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৭৯৭ জন।