৭ জানুয়ারি ২০২১
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় শিফা আক্তার (৭) নামের এক শিশু নিহত হয়েছে। শিফা উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর (রতনপুর) গ্রামের বাহার মিয়ার মেয়ে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার গ্যাস ফিল্ড নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটি মহাসড়ক পার হতে গেলে সিলেটগামী একটি ড্রামভর্তি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়েটি মারা যায়। খবর পেয়ে ট্রাকটিকে আটক করেছে পুলিশ।
এদিকে, এ ঘটনার পর উত্তেজিত জনতা প্রায় ১ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে রাস্তার দুইপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।