৪ জানুয়ারি ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের নিষেধাজ্ঞাকে প্রত্যাহার করে বন্দরবাজার থেকে চৌহাট্টা রাস্তা খুলে দেয়ার দাবি জানিয়ে রিকশা শ্রমিকরা চৌহাট্টা পয়েন্টে সড়ক অবরোধ করে। অবরোধ করার সময় আন্দোলনকারী চার রিকশা চালককে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। পরে পুলিশ তাদেরকে পয়েন্ট থেকে সরিয়ে দেয়।
সোমবার দুপুর ১২টার দিকে রিকশা চালকরা সড়ক অবরোধ করলে এই চারজনকে আটক করা হয়।
এসএমপির কোতোয়ালী থানার ওসি (তদন্ত) ইয়াছিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিসিকের নির্দেশনা প্রত্যাহারের দাবি রিকশা চালকরা আন্দোলনে নামে চৌহাট্টা এলাকায়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জন রিকশা চালককে আটক করে। এসময় অন্যরা পালিয়ে যায়। পুলিশ সর্তকবস্থায় রয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি সিলেট নগরীর চৌহাট্টা-জিন্দাবাজার-বন্দর সড়কে রিকশা ও ভ্যান চলাচল বন্ধ করেছে সিলেট সিটি কর্পোরেশন। গত শুক্রবার থেকে নির্দেশনা বলবত হলেও শনিবার থেকে কঠোর অবস্থানে নেমেছে সিসিক। এর পর থেকে নানা ভাবে প্রতিবাদ করে আসছেন রিকশা ও ভ্যান চালকরা। এর প্রেক্ষিতে সোমবার চৌহাট্টায় সড়ক অবরোধ করে তারা।