৩ জানুয়ারি ২০২১


শিক্ষা হল না খুলতেই পরীক্ষার তারিখ, ক্ষুব্ধ ঢাবি শিক্ষার্থীরা

শেয়ার করুন

ঢাবি প্রতিনিধি : আবাসিক হলগুলো না খুলতেই পরীক্ষার তারিখ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ। বিষয়টিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিভাগটিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা। তাদের দাবি, স্বাস্থ্যবিধি নিশ্চিত করে হল খুলে পরীক্ষা নেয়া হোক, অন্যথায় যখন হল খোলা হবে তখন পরীক্ষা নেয়া হোক। এই দাবি আদায়ে স্মারকলিপিও দিয়েছেন বিভাগটিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

রবিবার দুপুরে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল কাদির বরাবর দাবি আদায়ে স্মারকলিপি ও শিক্ষার্থীদের মতামত সংবলিত সিগনেচার পত্র তুলে দেন বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রতিনিধি দল। পরে একই দাবিতে কলা অনুষদের ডিন বরাবরও স্মারকলিপি দিয়েছেন তারা। এরআগে বিভাগটির ৪র্থ বর্ষসহ কয়েকটি ব্যাচ একই দাবিতে চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছে।

স্মারকলিপি দেয়ার বিষয়ে মাস্টার্সের শিক্ষার্থী নেয়ামত উল্ল্যাহ বলেন, শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত না করে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ-প্রত্যাশা-অধিকারের তোয়াক্কা না করে এরকম একটা সিদ্ধান্ত নেয়ায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী হলে থাকে। আবার তাদেরই অধিকাংশ মধ্যবিত্ত, নিন্মবিত্ত পরিবারের শিক্ষার্থী। সেখানে এরকম একটা সিদ্ধান্ত কিভাবে নেয় তা বুঝে আসে না। আমরা আমাদের দাবিতে স্মারকলিপি দিয়েছি। সেখানে বলেছি, স্বাস্থ্যবিধি রক্ষা করে হল খুলে পরীক্ষা নেয়া হোক, অন্যথায় যখন হল খোলা হবে তখন পরীক্ষা নেয়া হোক।

খালেদ হাসান নামের আরেক শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীরা বাইরে থেকে এসে পরীক্ষা দিলে সেখানে কি করোনার ঝুঁকি থাকবে না? বাইরে থেকে আসতে শিক্ষার্থীদের গণপরিবহন তো ব্যবহার করতে হবে। সেখানে কি ঝুঁকি নেই? পরীক্ষার হলে কি ঝুঁকি নেই? নাকি করোনার সব ঝুঁকি শুধু হলে? এমনিতে করোনা পরিস্থিতির কারণে মধ্যবিত্ত, নিন্মবিত্তের পরিবারগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্নভাবে। সেখানে এসব পরিবারের শিক্ষার্থীদের জন্য হল বন্ধ রেখে পরীক্ষা নেয়া মরার উপর খাড়ার গা নয় কি? বিশ্ববিদ্যালয়কে অবিলম্বে এ ব্যাপারে শিক্ষার্থী বান্ধব সিদ্ধান্ত নেয়া উচিত।

এর আগে গত ২৮ ডিসেম্বর আরবি বিভাগের বিভিন্ন বর্ষের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এ ঘোষণায় বিভাগটির ১ম, ২য়,৩য়, ৪র্থ বর্ষ এবং মাস্টার্সের সেমিস্টার ফাইনাল পরীক্ষা জানুয়ারি মাসের ২১ তারিখ শুরু হয়ে ২৮ তারিখ পর্যন্ত চলবে বলে জানানো হয়। শিক্ষার্থীদের আগামী ১০ জানুয়ারির মধ্যে ভর্তি, পরীক্ষার ফরমসহ আনুষঙ্গিক কাজ শেষ করতে নোটিশে নির্দেশ দেয়া হয়েছে।

স্মারকলিপি দেয়ার পর এ বিষয়ে জানতে চাইলে আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল কাদির বলেন, শিক্ষার্থীদের সমস্যা আমরাও বুঝি। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে শিক্ষার্থীদের এই প্রতিনিধি দলটি একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কাছে স্মারকলিপি জমা দিতে যান। তখন উপাচার্য স্মারকলিপি তাকে না দিয়ে নিজ বিভাগে জমা দেয়ার আহ্বান জানিয়ে উপস্থিত শিক্ষার্থীদের বলেন, শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করে বিভাগ কর্তৃক জোরপূর্বক পরীক্ষা নেয়া হলে বিষয়টি আমি দেখবো।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ১০ ডিসেম্বর একাডেমিক কাউন্সিলের মিটিং শেষে ২৬ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরুর ঘোষণা দেয়। কিন্তু এ ঘোষণায় শিক্ষার্থীদের আবাসনের বিষয়ে কিছুই বলা হয়নি। হল না খোলে পরীক্ষার এই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন শিক্ষার্থীরা।

শেয়ার করুন