৩১ ডিসেম্বর ২০২০


করোনায় যাদের হারালো সিলেট

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : দুয়ারে নতুন বছর। বিভিন্ন কারণে ২০২০ সাল মহাকালের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। করোনাভাইরাসের উৎপত্তি, মহামারি আকারে ছড়িয়ে পড়া, মৃত্যুর মিছিল, ভ্যাকসিনের প্রত্যাশা ইত্যাদি এ বছর ছিল আলোচিত বিষয়। বিশেষ করে করোনাকালে (এপ্রিল-ডিসেম্বর ২০২০) সিলেটবাসী হারিয়েছে অনেক প্রিয়জন।

চলতি বছরের ৫ এপ্রিল করোনা ভাইরাস ধরা পড়ে ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মো. মঈন উদ্দিনের। তিনিই সিলেট জেলায় আক্রান্ত প্রথম রোগী। শুরুর দিকে তিনি বাসায় চিকিৎসা নেন। আক্রান্তের দু’দিন পর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন ৮ এপ্রিল মঈন উদ্দিনকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই ১৫ এপ্রিল তিনি করোনার কাছে হার মেনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ডা. মঈনের মৃত্যুই ছিলো সিলেটে করোনাক্রান্ত প্রথম কোনো রোগীর মৃত্যু। আর দেশের চিকিৎসকদের মধ্যেও করোনায় প্রথম মারা যাওয়া ব্যক্তি তিনি।

এরপর বাড়তে থাকে মৃত্যুর মিছিল। একে একে সিলেটবাসী হারায় ১৯৯ জন প্রাণ। এর মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হচ্ছেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক, প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সহপাঠী আব্দুল হান্নান সেলিম ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্স (ব্রাদার) রুহুল আমিন।

এছাড়াও ২০২০-এর শেষ ৯ মাস একের পর এক পল্লিচিকিৎসক, রাজনৈতিক ব্যক্তি, সমাজসেবী ও প্রবাসীদের কেড়ে নিয়ে করোনা একদিনের জন্যও শুকোতে দেয়নি সিলেটের মানুষের দু-চোখের অশ্রু।

শেয়ার করুন