৮ নভেম্বর ২০১৭
নিজস্ব প্রতিবেদক : ওসমানীনগরে তিনটি ফ্লাইওভারে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয় হবে বলে জানান স্থানীয় সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। উপজেলায় সিলেট-ঢাকা চারলেন মহাসড়কে নির্মিত হবে ৩টি ফ্লাইওভার। প্রধান বানিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজার, তাজপুর ও দয়ামীরে এই তিনটি ফ্লাইওভার হবে।
ওসমানীনগর উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ঢাকা-সিলেট মহাসড়ক এলাকার যানজট নিয়ন্ত্রণ ও নাগরিক সেবা বৃদ্ধির জন্যে বাজারগুলোতে ফ্লাইওভার হবে এমন স্বপ্ন ওসমানীনগরবাসীর। সড়ক দুর্ঘটনা রোধে ফ্লাইওভার গুরুত্বপুর্ণ ভুমিকা রাখতে পারে । এলাকার ব্যস্ততম তিনটি বাজারে ফ্লাইওভার নির্মিত হলে উপকৃত হবেন উপজেলাবাসী। এতে জনসাধারনের চলাফেরায় ভোগান্তি কম হবে।
বিশেষ করে ঢাকা-সিলেট মহাসড়কের উপর এলাকার প্রধান বানিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজার রুপ নিয়েছে শহরে। নিত্যনৈমিত্তিক চাহিদা মেটাতে প্রতিদিন হাজারো মানুষের সমাগম আর স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ জনসাধারণের চলাচলের জন্য ঢাকা-সিলেট মহাসড়কটি ব্যবহার করে থাকেন। এর ফলে প্রায় সময় ঘটে থাকে দুর্ঘটনা।
স্থানীয় সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেন, চারলেন প্রকল্প হাতে নেওয়ার পর থেকেই আমি এলাকার প্রধান বাণিজ্যিক কেন্দ্র গোলায়াবাজার ও তাজপুর দয়ামীর বাজারে ফ্লাইওভার নির্মাণের জন্য জোর দাবি জানিয়ে আসছি। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং ফ্লাইওভার করার সিদ্ধান্তের মাধ্যমে সিলেটকে সেই মহাসড়কে সংযুক্ত করায় আমরা সিলেটবাসী আনন্দিত গর্বিত ও সরকারের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী ও বিশেষ করে সিলেটের কৃতিসন্তান ড. এম এ মোমেন কে। যিনি অন্তরালে এই চারলেন প্রকল্পের জন্য কাজ করেছেন।
তিনি আরো জানান, বিভিন্ন জটিলতা নিরসন করে অচীরেই চারলেন প্রকল্পের কাজ শুরু হবে বলে আমরা আশাবাদি।
(আজকের সিলেট/৮ নভেম্বর/ডি/এসসি/ঘ.)