১৫ ডিসেম্বর ২০২০


ধলাই নদীতে হারিয়ে যাচ্ছে জনপদ

শেয়ার করুন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা খরস্রোতা নদী ধলাই। কোম্পানীগঞ্জ- ভোলাগঞ্জ দিয়ে প্রবাহিত এ নদীর পাড় ঘেঁষা গ্রাম চাঁনপুর। এই গ্রামে প্রায় দুই হাজার লোকের বসবাস। সবাই কৃষিজীবী। বংশ পরম্পরায় কৃষিকে উপজীব্য করে তারা জীবিকা নির্বাহ করে আসছিলেন।

কয়েক বছর ধরে পাহাড়ি ঢলে নদী ভাঙনের কারণে গ্রামটি নদীগর্ভে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সামনের বর্ষা পার হবে কি-না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন গ্রামবাসী। অব্যাহত নদী ভাঙনের হাত থেকে গ্রামটি রক্ষার জন্য সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) আবেদন করা হয়েছে।

গ্রামের মুরুব্বি মফিজ মিয়া জানান, গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে যাবার আশঙ্কা তাড়া করছে গ্রামবাসীকে। তাই, গ্রামটি রক্ষার জন্য স্থানীয় প্রশাসন ও পাউবোতে আবেদন করা হয়েছে। এছাড়া, মন্ত্রী ইমরান আহমদ গ্রামটি রক্ষায় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ডের একটি প্রতিনিধি দল সম্প্রতি সরেজমিন এলাকা পরিদর্শন করে গেছেন।

গ্রামের পঞ্চাশোর্ধ অধিবাসী সামসুল আলম জানান, তার পৈত্রিক ভিটেমাটির সিংহভাগ নদীতে বিলীন হয়েছে, তড়িৎ ব্যবস্থা না নিলে অচিরেই পুরো জনপদ বিলীন হয়ে যেতে পারে।

এলাকার যুবক মাসুদ রানা, রাজু আহমেদ, আব্দুর রহমান জানান, ধলাইয়ের স্বচ্ছ জলঘেরা হাওর বেষ্টিত সুন্দর এ গ্রামটির প্রাকৃতিক দৃশ্য ছবির মতো। অত্যন্ত সুন্দর এ জনপদটি ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে।

স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, চাঁনপুর গ্রামে ধলাই নদীর ভাঙন রোধ করার জন্য বরাদ্দ চেয়ে পাউবোতে আবেদন করা হয়েছে।

শেয়ার করুন