৮ ডিসেম্বর ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা কারাগারে কবির আনসারী (৫০) নামে তিনি জেলা যুবলীগের সাবেক নেতার মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার বাসিন্দা ছিলেন। একটি চেক ডিজঅনার মামলায় কারাগারে ছিলেন কবির।
সোমবার রাতে হবিগঞ্জ আড়াইশ’ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে কবিরকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, গত জুলাইয়ে একটি চেক ডিজঅনার মামলায় আদালত থেকে কবির আনসারীকে কারাগারে পাঠানো হয়। সোমবার রাত দশটায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর হবিগঞ্জ আড়াইশ’ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে সেখানেই মৃত্যু হয়েছে।
হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. আবিদুর রেজা জানান, কবির আনসারীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।
হবিগঞ্জ জেলা যুবলীগের একজন নেতা জানিয়েছেন, কবির আনসারী সদর উপজেলা যুবলীগের সাবেক কমিটির সহ-সভাপতি ছিলেন।