৭ ডিসেম্বর ২০২০


আটক রোহিঙ্গাদের জবানবন্দি গ্রহণ, কারাগারে দুই পাচারকারী

শেয়ার করুন

এমদাদুর রহমান চৌধুরী জিয়া : নগরীর হুমায়ুন রশীদ চত্বর থেকে আটক রোহিঙ্গাদের প্রাপ্তবয়স্ক সাতজন ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। আদালতের নির্দেশ পেলে তাদের কক্সবাজারস্থ উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করা হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাছাড়া দুই মানবপাচারকারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সোমবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (২য়) আদালতে ১৬৪ ধারায় তাদের জবাবন্দি রেকর্ড করা হয়।

এসএমপির দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার ভোর সাড়ে ৬টায় সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর থেকে দুই মানবপাচারকারীসহ ১৪ জন রোহিঙ্গাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন অ্যাকশন (র‌্যাব)-৯। রোহিঙ্গাদের মধ্যে ৩ নারী ও ৭ শিশু-কিশোর রয়েছেন।

আটককৃতরা হচ্ছেন- আবদুর রহমান (২৯), মো. সিরাজ (২০), সৈয়দ নুর (১৬), জুবায়ের আহমদ সৈয়দ (২০), জহুরা বেগম (৩০), মো. ইদ্রিস (১২), মো. জুনাইদ (১০), মো. ইউনুস (৮), মো. মুস্তফা (৪), নুর আয়েশা বেগম (৩৫), মফিজুর রহমান (১১), সৈয়দুর রহমান (৯), আজিজুর রহমান (৪) ও খুশনামা বেগম (১৮)।

আটক দুই মানবপাচারকারী হচ্ছেন- কক্সবাজার উখিয়ার কুতুপালং ক্যাম্প (৪)-এর হামিদের ছেলে মো. সাদেক (২২) ও সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা গ্রামের মৃত রিয়াজের ছেলে মো. সেলিম আহমেদ (২৩)।

আটকের সময় তাদের কাছ থেকে ইন্ডিয়া রোহিঙ্গা ক্যাম্পের ৪টি আইডি কার্ড, ৭টি মোবাইল ও ৭টি সিম উদ্ধার করা হয়।

এদিকে, আটক ১৪ রোহিঙ্গা ও দুই মানবপাচারকারীকে সোমবার দুপুরে সিলেট মেট্রোপলিটন ২য় আদালতে তোলা হয়। তারা এসময় বিচারক সাইফুর রহমানের আদালতে সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় জবাবন্দি প্রদান করেন। জবানবন্দিকালে তারা মানবপাচারকারীদের বিরুদ্ধে সাক্ষ্য দেন।

দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন বলেন, রোহিঙ্গাদের কক্সবাজারস্থ উখিয়া ক্যাম্পে পাঠানোর আবেদন করা হয়েছে। বর্তমানে তারা দক্ষিণ সুরমা থানাপুলিশের হেফাজতে রয়েছেন, আদালতের নির্দেশ পেলেই সেখানে পাঠানো হবে। তাছাড়া আটক দুই মানবপাচারকারীকে আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন