১৪ নভেম্বর ২০২০


ওসমানীতে চিকিৎসা নিলেন এসআই আকবর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যু ঘটনার মামলায় সাতদিনের রিমান্ডের চতুর্থ দিনে প্রধান অভিযু্ক্ত এসআই আকবর হোসেন অসুস্থ হয়ে পড়েন। পরে শুক্রবার রাত ৮টার দিকে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেয়ে রাত সাড়ে ৯টার দিকে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফের তাকে হেফাজতে নিয়েছে।

পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রিমান্ডে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থবোধ করায় আকবরকে হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে ফের তাকে পিবিআই কার্যালয়ে নিয়ে আসা হয়।’

এর আগে গত সোমবার দুপুরে সিলেটের কানাইঘাট উপজেলার ভারত সীমান্তে আকবর হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পরে রাতেই আকবরকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে তাকে হস্তান্তর করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ পরিদর্শক আওলাদ হোসেন পরদিন মঙ্গলবার সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক মো. আবুল কাশেমের আদালতে তাকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর বন্দরবাজার ফাঁড়িতে ধরে নিয়ে টাকার জন্য রায়হানকে (৩৩) নির্যাতনের অভিযোগ ওঠে। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় সিলেট কোতয়ালি থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। এরপর থেকে এসআই আকবর গা-ঢাকা দেন। পরে অভিযোগের ভিত্তিতে ঘটনায় তদন্ত কমিটি গঠন করে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এ ঘটনায় চারজনকে সাময়িক বহিস্কৃার ও তিন জনকে প্রত্যাহার করা হয়।

সাময়িক বহিস্কৃতরা হচ্ছেন- ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তৌহিদ মিয়া, কনস্টেবল টিটু চন্দ্র দাশ ও হারুনুর রশীদ। আর প্রত্যাহার করা ৩ জন হলেন সহকারী উপ-দর্শক (এএসআই) আশীক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজীব হোসেন।

এছাড়া ফাঁড়ি ইনচার্জ সাময়িক বরখাস্ত উপ-পরিদর্শক (এসআই) আকবরকে পালাতে সহায়তা এবং তথ্য গোপনের অভিযোগ গত বুধবার (২০ অক্টোবর) ফাঁড়ির এসআই হাসান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়।

শেয়ার করুন