১১ নভেম্বর ২০২০
শিক্ষা ডেস্ক : অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতে অস্বচ্ছল শিক্ষার্থীদের ইউজিসির দেয়া সুদহীন ঋণ পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৬৩৪ জন শিক্ষার্থী।
কুবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: আবু তাহের (ভারপ্রাপ্ত) বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের বিভাগীয় প্রধানের স্বাক্ষর সম্বলিত ৬৩৪ জন অসচ্ছল শিক্ষার্থীর যে তালিকা আমরা ইউজিসিতে পাঠিয়েছি তারা সকলেই সুদহীন ঋণ পাবে।’
বিশ্ববিদ্যায় মঞ্জুরি কমিশনের এই ঋণের টাকা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যয়নকালীন চারটি সমান কিস্তিতে বা এককালীন পরিশোধ করতে পারবে। আগামী ৩১ জানুয়ারির ২০২১-এর মধ্যে এ বরাদ্দ দেয়ার কথা বলা হয়েছে।
দেশের ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪১ হাজার ৫০১ জন অস্বচ্ছল শিক্ষার্থীকে সফটলোনের আওতায় স্মার্টফোন ক্রয়ের জন্য জনপ্রতি সর্বোচ্চ আট হাজার টাকা প্রদান করা হবে।
উল্লেখ্য, ৪ নভেম্বর ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ- এর সভাপতিত্বে অনলাইন প্লাটফর্মে আয়োজিত এক সভায় শিক্ষার্থীদের স্মার্টফোন ক্রয়ে সুদবিহীন ঋণ দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।