৭ নভেম্বর ২০২০
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : দেশের অন্যতম শীতপ্রধান শহর ও চায়ের রাজধানী শ্রীমঙ্গল। এখানে দেখা দিয়েছে চলতি মৌসুমের শীত। সকালে কুয়াশায় ঢেকে যায় চারদিক। দু’একদিন ধরেই বেড়েছে শীতের তীব্রতা। কাঠের ওয়ারড্রপ, স্টিলের আলমারিসহ ঘরের নানা জায়গায় সংগ্রহ করে রাখা এতোদিনের গরম কাপড়গুলো এখন মানুষের শরীরে উঠে আসতে শুরু করেছে।
শনিবার সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ আনিসুর রহমান বলেন, শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার (৬ নভেম্বর) ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটিই ছিল শ্রীমঙ্গলের সাম্প্রতিককালের সর্বনিম্ন তাপমাত্রা।
এ মৌসুমের শীত প্রসঙ্গে তিনি বলেন, মূলত গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই এ মৌসুমের শীত প্রথম অনুভূত হয়েছে। আজ কুয়াশা বেশি পড়েছে। কুয়াশা বেশি হলে শীত কম অনুভূত হয়।