১ নভেম্বর ২০২০


মৌলভীবাজারে আলুর দাম বেশি নেওয়ায় জরিমানা

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরের বিভিন্ন মার্কেটে আলুর দাম বেশি নেওয়ায় জরিমানা করা হয়েছে। এ সময় ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে নিজ নিজ ব্যবসা কার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়।

রোববার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় সদর উপজেলার টিসি মার্কেট, কোর্ট রোড, চাঁদনীঘাট বাজার, চাঁদনীঘাট বাসস্ট্যান্ডসহ বিভিন্ন জায়গায় আলুর বাজার মনিটরিং করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, নির্ধারিত মূল্য থেকে অধিক দামে আলু বিক্রি করা, ক্রয় ভাউচার সংগ্রহ না করা, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে টিসি মার্কেটে অবস্থিত মেসার্স রিফাত স্টোরকে দুই হাজার টাকা, হাসান সবজি ভাণ্ডারকে তিন হাজার টাকা, ইমন সবজি ভাণ্ডারকে দুই হাজার টাকা, কোর্ট রোডে অবস্থিত সুফিয়ান সবজির ভাণ্ডারকে ৫০০ টাকা, চাঁদনীঘাট বাসস্ট্যান্ডে অবস্থিত শান্তি ভেরাইটিজ স্টোরকে এক হাজার ৫০০ টাকা, চাঁদনীঘাট বাজারে অবস্থিত জসিম সবজি ভাণ্ডারকে ৫০০ টাকা, রুবেল সবজি ভাণ্ডারকে ৫০০ টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

শেয়ার করুন