৭ ডিসেম্বর ২০২৩
বৃষ্টিতে ছাতা নিয়ে মক্তবে যাচ্ছেন সীমান্তাঞ্চলের শিশুরা। ছবি : আজকের সিলেট
নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে সিলেটের আকাশ মেঘলা। দেখা নেই সূর্যের।বুধবার রাতের প্রথম প্রহর থেকেই জেলার বিভিন্ন অঞ্চলে ক্ষণে ক্ষণে গুড়ি গুড়ি বৃষ্টি হতে দেখা যায়। বৃষ্টির সঙ্গে বেড়েছে শীতের দাপটও। তবে বৃহস্পতিবার ফজরবেলায় বিভিন্ন এলাকায় বৃষ্টির গতি বেড়েছে বলে জানিয়েছেন আমাদের নিজস্ব প্রতিনিধিরা।
গোয়াইনঘাট প্রতিনিধি জানান,বুধবার সকাল থেকে গোয়াইনঘাটের আকাশ মেঘলা ছিল। আবহাওয়া অধিদপ্তরের পূবার্ভাসের মধ্যেই বৃহস্পতিবার ফজরে গোয়াইনঘাটে বৃষ্টি হচ্ছে। উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউপিতে বৃষ্টির মাত্রা বেশি।
জৈন্তাপুর, কানাইঘাট,কোম্পানিগঞ্জ ও জকিগঞ্জ প্রতিনিধিরা জানান,বুধবার বিকেল থেকে কিছু কিছু এলাকায় হাল্কা বৃষ্টি হয়েছে। তবে বৃহস্পতিবার ফজরে বৃষ্টির মাত্রা বাড়তে দেখা গেছে।
এর আগে বুধবার ( ৬ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এএস // আতারা