৩১ অক্টোবর ২০২০


সিলেটে এক মাসেও ডেলিভারী হচ্ছে না ‘জরুরী পাসপোর্ট’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)-এর বই সংকটের কারণে গত এক মাস ধরে সিলেটে নির্ধারিত সময়ে জরুরী পাসপোর্ট ডেলিভারী হচ্ছে না। দীর্ঘসূত্রতার সৃষ্টি হয়েছে অর্ডিনারী পাসপোর্ট ডেলিভারীর ক্ষেত্রেও। ফলে পাসপোর্ট প্রত্যাশীদের দুর্ভোগ-ভোগান্তিতে পড়তে হচ্ছে।

পাসপোর্ট অফিস সূত্র জানায়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ই-পাসপোর্টের দিকে ঝুঁকছে। তাদের ধারণা ছিল-ই-পাসপোর্ট চালু হলে এমআরপি’র চাহিদা কমবে। এজন্য এমআরপি বইয়ের মজুদ কম রাখা হয়েছিল। কিন্তু,ই-পাসপোর্ট এখনো তেমন জনপ্রিয় হয়ে না উঠায় মানুষের ঝোঁক এখনো এমআরপি’র প্রতি। এজন্য এমআরপি সংকটের সৃষ্টি হয়েছে।

জিন্দাবাজারস্থ মা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মাসুদ আহমদ জানান, গত প্রায় এক মাস সিলেটে খুব কম সংখ্যক এমআরপি পাসপোর্ট ডেলিভারী হচ্ছে। এ কারণে অনেক আবেদনকারীকে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হচ্ছে।

তিনি জানান,সিলেটের কয়েক হাজার পাসপোর্ট আবেদনকারী জরুরি ফি প্রদান করে ৩০/৪০ দিন অতিবাহিত হলেও পাসপোর্ট পাচ্ছেন না। তিনি জানান, ই-পাসপোর্ট ডেলিভারী হলেও সিলেটে এমআরপি পাসপোর্টের ডেলিভারী একেবারে কম হচ্ছে। পাসপোর্ট অফিস থেকে বলা হচ্ছে, ঢাকায় পাসপোর্টের বইয়ের সংকট রয়েছে । তিনি এ ব্যাপারে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের হস্তক্ষেপ কামনা করেন।

সিলেট পাসপোর্ট অফিসের সুপারিনটেনডেন্ট এস এম জাকির হোসেন জানান, গত মাসাধিক কাল ধরে এমআরপি পাসপোর্টের বইয়ের সংকট দেখা দিয়েছে। এমআরপি পাসপোর্ট ঢাকা থেকে প্রিন্ট হয়ে আসে। সেখান থেকে প্রিন্ট কম আসায় ডেলিভারীও কম হচ্ছে। এ কারণে কয়েক হাজার পাসপোর্টের ডেলিভারী আটকে আছে।

এমআরপি পাসপোর্ট বাইরে থেকে আনা হয় জানিয়ে তিনি বলেন, ইতোপূর্বে আনা পাসপোর্টের মজুদ শেষ হয়ে যাওয়ায় এ সংকটের সৃষ্টি হয়েছে। তবে, সিলেট অফিস থেকে ই-পাসপোর্ট ডেলিভারীর ক্ষেত্রে কোন সমস্যা হচ্ছে না। ধীরে ধীরে এমআরপি পাসপোর্ট বন্ধ হয়ে যেতে পারে। এজন্য ই-পাসপোর্টের প্রতি জোর দেয়া হচ্ছে। এ ব্যাপারে মানুষজনকে উৎসাহিতও করা হচ্ছে। ৭ কর্মদিবসে জরুরী পাসপোর্ট ডেলিভারীর কথা থাকলেও তা সময়মতো হচ্ছে বলে স্বীকার করেন এ কর্মকর্তা।

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির(এফবিসিসিআই) খন্দকার সিপার আহমদ জানান, সিলেটে পাসপোর্ট ডেলিভারীর ক্ষেত্রে দীর্ঘসূত্রতায় তারা উদ্বিগ্ন। প্রবাসী অধ্যুষিত সিলেট ও চট্টগ্রামে মূলত পাসপোর্টের চাহিদা বেশী। এ ব্যাপারে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন