২০ অক্টোবর ২০২০
গিলমান আহমদ তালুকদার ও ফাহিম আহমদ চৌধুরী, ওসমানীনগর থেকে : ওসমানীনগরের সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের নির্বাচনে চলছে ভোট গ্রহণ। এ ইউনিয়ন মোট ২১ হাজার ৮৮৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে ১১ হাজার ৭ পুরুষ ও ১০ হাজার ৮৭৬ জন মহিলা ভোটার।
মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহন চলবে বিকেল ৫টা পর্যন্ত। এ রিপোর্ট লেখা পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মাত্র ৫ মাসের জন্য এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটের মাঠে লড়াই করছেন চার প্রার্থী। তারা হলেন- ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ (নৌকা), সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রব আল মামুন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী লন্ডন মহানগর আওয়ামী লীগের সদস্য গোলাম কিবরিয়া (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ (আনারস)।
ওসমানীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু লায়েস দুলাল বলেন, ভোটার ও ভোট কেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে আইন-শৃংখলা বাহিনীর একাধিক টিম কাজ করছে। জাল ভোটার চিহ্নিত হলে তাৎক্ষণিক আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, গত ১৩ জুলাই মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব। ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে গেলে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।