৮ অক্টোবর ২০২০
বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। নিহত কামরুল (২৪) উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামের চান্দ আলীর ছেলে।
বুুধবার গভীররাত ৩ টার দিকে উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে।
জানা যায়, পারিবারিক কলহের জেরে ছোট ভাই তানভিরের সাথে বাক বিতন্ডার এক পর্যায়ে তানবির ধারালো অস্ত্র দিয়েবড় ভাই কামরুলকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে বিয়ানীবাজার থানা পুলিশ নিহত কামরুলের লাশ উদ্ধার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকেই আসামী তানবির পলাতক রয়েছে বলে এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়।
বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) জাহিদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘাতক তানভীর এখন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করতে আমরা অভিযান চালাচ্ছি।