৬ অক্টোবর ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামে গরু চুরির অভিযোগ তুলে মাসুম মিয়া (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাকে গাছের সঙ্গে বেঁধে মারপিট করে গ্রামবাসী। নিহত মাসুম উপজেলার নোয়াপাড়া এলাকার বক্কর আলীর ছেলে।
সোমবার হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুমের মৃত্যু হয়।
পিয়াইম গ্রামবাসীর দাবি, মাসুম গরু চুরি করতে গেলে তাকে গণপিটুনি দেয়া হয়। অন্যদিকে নিহতের পরিবার বলছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিয়াইম গ্রামের আব্দুল মতিন নামের এক ব্যক্তির বাড়িতে গরু চুরির চেষ্টার অভিযোগে রবিবার দিনগত রাতে মাসুমকে আটক করা হয়। পরে তাকে গাছের সঙ্গে বেঁধে মারপিট করেন গ্রামের কিছু লোক। এক পর্যায়ে মাসুম জ্ঞান হারিয়ে ফেলেন। সোমবার সকালে মাধবপুর থানার একদল পুলিশ তাকে হবিগঞ্জ আড়াইশ’ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। পরে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই শাহিদ মিয়া মরদেহের সুরতহাল রিপোর্ট করে মর্গে প্রেরণ করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে মাধবপুর থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, দুর্গম এলাকা পিয়াইম গ্রামে গরু চুরি করতে যায় কয়েকজন। এসময় গ্রামবাসী মাসুমকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। পরে এলাকাবাসীর গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, পরিবারের লোকজন থানায় এসেছিলেন। তারা দাবি করেছেন পরিকল্পিতভাবে মাসুমকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।