১৬ জুলাই ২০২৩


ঢাকা থেকে এসে সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : ঢাকা থেকে এসে সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক দিলেন বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। রোববার দক্ষিণ সুরমায় পরিবহন শ্রমিকদের সভায় যোদান করে এ ধর্মঘটের ডাক দিয়ে বলেন- দুই দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে বুধবার থেকে সিলেটে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করবে।

গত ৭ জুলাই রাতে সিলেটের জৈন্তাপুরে বাসচাপায় ৫ জনের মৃত্যুর ঘটনায় সৃষ্ট উত্তেজনা এখনও প্রশমিত হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহত্তর জৈন্তিয়া ১৭ পরগণা সালিশ সমন্বয় কমিটির আহবানে সিলেট-তামাবিল-জাফলং, সিলেট-কানাইঘাট ও সিলেট-গোয়াইনঘাট সড়কে যাত্রীবাহী বাস-মিনিবাস বর্জন অব্যাহত রয়েছে। এর প্রতিবাদে বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে রবিবার (১৬ জুলাই) সিলেটে এ প্রতিবাদ সভা করা হয়।

এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী। তিনি তাঁর বক্তব্যে বলেন- জৈন্তিয়া ১৭ পরগণা সালিশ সমন্বয় কমিটি পরিবহন শ্রমিকদের দাবি না মানলে বুধবার ভোর থেকে সিলেটজুড়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হবে।

গত ৭ জুলাই রাত ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বাসের ধাক্কায় একটি ইজিবাইকের (টমটম) পাঁচ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন কয়েকজন।

ঘটনার পরদিন (শনিবার) রাতে দরবস্ত বাজার মসজিদে সিলেটের বৃহত্তর জৈন্তাপুর ১৭ পরগনার সালিশ সমন্বয় কমিটি জরুরি বৈঠক করে। ওই বৈঠকে সিলেট-তামাবিল সড়কে অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের ছাঁটাইয়ের দাবি জানানো হয়। ছাঁটাইয়ের আগ পর্যন্ত ওই সড়কে বাস-মিনিবাস চলাচল করতে না দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

এ ঘোষণার পরিপ্রেক্ষিতে রবিবার (৯ জুলাই) সকাল থেকে বৃহত্তর জৈন্তাপুরের বাসিন্দারা সিলেট-তামাবিল সড়কে বাস চলাচলে বাধা দেন। এতে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ। এ ঘটনায় ফুঁসে উঠেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। ওইদিন বিকেলে তারা বৈঠক করে সিলেট-তামাবিল সড়কে সোমবার (১০ জুলাই) ভোর থেকে সব ধরনের পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেন। এসময় শ্রমিক নেতারা আওয়ামী লীগ নেতা কামাল আহমেদের গ্রেফতারের দাবি জানান।

সোম ও মঙ্গলবার এই দুই দিন সিলেট-তামাবিল সড়কে কর্মবিরতি পালন করেন পরিবহন শ্রমিকরা। এই দুই দিনে তাদের দাবি পূরণ না হওয়ায় বুধবার ভোর থেকে সিলেট জেলাজুড়ে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন। তবে ওই দিন রাতে সিলেট জেলা প্রশাসক মজিবর রহমানের আহবানে বৈঠকে বসে তারা কর্মবিরতি ঘোষণা প্রত্যাহার করেন। ওই বৈঠকে বৃহত্তর জৈন্তিয়া ১৭ পরগণা সালিশ সমন্বয় কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কামাল আহমেদ। বৈঠকে পরিবহন শ্রমিক নেতারা দরবস্তে দুর্ঘটনায় হতাহতদের বাড়ি গিয়ে সমবেদনা জানানো ও সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন। তবে শনিবার পর্যন্ত তারা এমন না করায় জৈন্তিয়া ১৭ পরগণা সালিশ সমন্বয় কমিটির আহবানে সিলেট-তামাবিল-জাফলং, সিলেট-কানাইঘাট ও সিলেট-গোয়াইনঘাট সড়কে যাত্রীবাহী বাস-মিনিবাস বর্জন কর্মসূচি অব্যাহত রয়েছে।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ গণমাধ্যমকে বলেন- ‘প্রথমদিকে আমাদের দাবি ছিলো ৩টি। ৭ জুলাইয়ের দুর্ঘটনায় হতাহতদের পরিবারের খোঁজ-খবর নেওয়া ও আহতদের সহযোগিতা করা, সিলেট-তামাবিল সড়ক থেকে লাইসেন্সবিহীন-অদক্ষ বাস চালক ও ফিটনেসবিহীন গাড়ি প্রত্যাহার এবং ১৭ পরগনার কাছে ময়নুল ও মালিক সমিতির প্রকাশ্যে ক্ষমা চাওয়া। তবে জেলা প্রশাসক মহোদয়ের আহ্বানে অনুষ্ঠিত বৈঠকে আমরা শুধু প্রথম দুটি দাবি পেশ করি এবং পরিবহন শ্রমিক নেতারা তা মেনে নেন। কিন্তু এখন পর্যন্ত তারা তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি। ফলে আমরা সিলেট-তামাবিল-জাফলং, সিলেট-কানাইঘাট ও সিলেট-গোয়াইনঘাট সড়কে যাত্রীবাহী বাস-মিনিবাস বর্জন অব্যাহত রেখেছি। সর্বশেষ গত বৃহস্পতিবার আমরা বৈঠক করে আমাদের এই দুই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেই।’

তবে পরিবহন শ্রমিক নেতারা ৭ জুলাইয়ের দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে না দাঁড়িয়ে উল্টো আগামী বুধবার (১৯ জুলাই) থেকে সিলেট জেলার সব সড়কে অনির্দিষ্টকালের কর্মবিরতির প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া সিলেট-তামাবিল সড়কে সাধারণ মানুষের বাস বর্জনের প্রতিবাদে রবিবার (১৬ জুলাই) দুপুরে দক্ষিণ সুরমার কদমতলিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ও সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকারী কমিটির সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী। সভায় তিনি আগামী দুই দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে আগামী বুধবার থেকে সিলেটে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন।

শেয়ার করুন