১৬ সেপ্টেম্বর ২০২০
নিজস্ব প্রতিবেদক : বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে প্রথম হয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এছাড়া স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ২০টি দপ্তরের মধ্যে সিসিক দ্বিতীয় স্থান অর্জন করেছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব একেএম মিজানুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য সিসিক কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সচিবের সঙ্গে প্রতি বছর কী কী কার্যক্রম বাস্তবায়ন করা হবে তা তুলে ধরে চুক্তি স্বাক্ষর করেন ২০টি দপ্তর ও সংস্থা প্রধানরা।
২০১৯ সালের ২৩ জুন ২০১৯-২০ অর্থবছরের চুক্তি স্বাক্ষর হয়। সে অনুযায়ী বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রতিবেদন দপ্তর/সংস্থা ও সিটি করপোরেশনকে নম্বর প্রদান করা হয়।
২০১৯-২০ অর্থবছরের চুক্তির প্রতিবেদন ও প্রমাণসমূহ মূল্যায়নে সিলেট সিটি করপোরেশন ১০০ নম্বরের মধ্যে ৯৮ দশমিক ৪০ পেয়ে ১২টি সিটি করপোরেশনের মধ্যে প্রথম হয়েছে।
এছাড়া ২০টি দপ্তর ও সংস্থার মধ্যে ৯৮ দশমিক ৪৭ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং দ্বিতীয় অবস্থানে আছে সিলেট সিটি করপোরেশন।