২ সেপ্টেম্বর ২০২০


মৌলভীবাজার হাসপাতালে আগ্নিকাণ্ড

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের দ্বিতীয় তলার সার্জারি ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের চেষ্টায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় হাসপাতালটি।

মঙ্গলবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে মাত্র ১০-১৫ মিনিটের চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রেণে নিয়ে আসেন।

মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আহমেদ ফয়সল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রথমে ধারণা করেছিলাম, হয়তো বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে দেখা যায়, সার্জারি ওয়ার্ডের বাথরুমে কে বা কারা সিগারেট খেয়ে সিগারেটের আগুন ফেলে যায়। সিগারেটের আগুন থেকে বাথরুমের দরজায় আগুন ধরে যায়।

তিনি আরও বলেন, আগুন লাগার কারণে বাথরুমসহ পুরো সার্জারি ওয়ার্ড ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। পরে ফায়ার সাভিসের চেষ্টায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আসে।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহমেদ বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি, তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক জানান, কেউ হয়তো সিগারেট খেয়ে ফেলে যাওয়ার কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে, তবে আগুনে বাথরুমের দরজার কিছু ক্ষতি হলেও বড়ধরনের কোনো ক্ষতি হয়নি।

শেয়ার করুন