২৮ সেপ্টেম্বর ২০১৭
ডেস্ক রিপোর্ট : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে সিলেট নগরীতে বসবাসরত অস্বচ্ছল ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে আর্থিক সম্মাননা প্রদান করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ড সিলেট এর পক্ষ থেকে ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মণ শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সিলেট নগরের বসবাসরত অস্বচ্ছল ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা জন্য মেয়রের কাছে আবেদন করেন। তার আবেদনটি গৃহীত হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সিটি করপোরেশনের হল রুমে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যের মধ্যে আর্থিক সম্মাননা প্রদান করেন মেয়র আরিফুল হক চৌধুরী। মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ড সিলেটের তালিকা অনুসারে ৮৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।
এ সময় মেয়র আরিফুল হক বলেন- সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধনে আবদ্ধ সিলেট। আমরার চাই ধর্মীয় সম্প্রতিতে অটুট থাকবে এ নগরী। প্রতিটি ধর্মীয় উৎসবে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সিটি করপোরেশনের পক্ষ থেকে সবসময়ই আলাদাভাবে অনুদান প্রদান করা হয়। সেই সাথে ধর্মীয় উদযাপন কমিটির পাশাপাশি স্কুল-কলেজে যারা ধর্মীয় অনুষ্ঠানে আয়োজন করে তাদেরকেও অনুদান প্রদান করা হয়। এবারের পূজায় মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে আর্থিক সম্মননা প্রদান করতে পেরে আমি গর্বিত।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মণ জানান-মুক্তিযোদ্ধা সংসদ থেকে পূজা উপলক্ষে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য আর্থিক সম্মাননা চেয়ে আবেদন এই প্রথম করা হয়েছে। প্রথম আবেদন করার পরই মেয়র সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। তার দেয়া এই আর্থিক সম্মাননা অনুদানটি ধর্মীয় বন্ধন আরও শক্তিশালী করেছে। এর আগে মুসলমানদের পবিত্র ঈদ উল ফিতরের সময়ও মেয়র আর্থিক সম্মাননা অনুদান প্রদান করেন। আমরা আশাবাদি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।