১৮ আগস্ট ২০২০
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামে এক বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- বিরাট গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মশক আলীর ছেলে বাঁধন মিয়া (১৫) ও একই গ্রামের আবুল মিয়ার ছেলে মনিরুল মিয়া (১৫)।
মঙ্গলবার ভোররাতে উপজেলার শিবপাশা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, মশক আলীর বাড়িতে গৃহ পরিচারিকা হিসেবে কাজ করতেন মেয়েটির মা। সোমবার বিকেলে মায়ের পরিবর্তে ওই বাড়িতে কাজ করতে যান ওই বাক প্রতিবন্ধী তরুণী। এ সময় গোয়াল ঘরে একা পেয়ে মশক আলীর ছেলে বাঁধন ও তার সহযোগী মনিরুল মেয়েটিকে ধর্ষণ করে। পরে বাঁধনের অভিভাবকদের কাছে বিচার দিলে নির্যাতনের শিকার তরুণীর মাকে উল্টো অপমান করেন তারা।
বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম মিয়া জানিয়েছেন, গ্রেফতারকৃত দুই কিশোর পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে। এ ব্যাপারে মেয়ের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।