১৪ আগস্ট ২০২০


সিলেটে করোনায় আরো চার জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ১২৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৩৬ জন। আর বিভাগে কোভিড-১৯ রোগে ৪ জনের মৃত্যু ঘটে।

শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগে শনাক্ত ১২৫ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৬৬ জন ও সুনামগঞ্জে ২৭ জন। হবিগঞ্জে ২৪ জন রোগী শনাক্ত হয়েছেন। মৌলভীবাজারে এই সময়ে ৮ জন রোগী শনাক্ত হন।

এদিকে, সিলেটে বিভাগে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৩৬ জন রোগীর মধ্যে হবিগঞ্জে সর্বাধিক ২১ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। আর সিলেট জেলায় সুস্থ হয়েছেন ৮ জন। এছাড়া করোনাকে জয় করে সুনামগঞ্জে বাড়ি ফিরেছেন ৭ জন। বৃহস্পতিবার মৌলভীবাজারে করোনা আক্রান্ত কোনো রোগী সুস্থ হয়ে উঠেননি।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ১৭৫ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৪ হাজার ৮৯০ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ৭২১ জন, হবিগঞ্জে ১ হাজার ৩৫০ জন ও মৌলভীবাজারে ১ হাজার ২১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

বর্তমানে সিলেটের চার জেলায় মোট ১৪৫ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৬৬ জন সিলেটের, ১৩ জন সুনামগঞ্জের, ৪৬ জন হবিগঞ্জের ও মৌলভীবাজার জেলার ২০ জন।

এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৪ হাজার ৩৭৫ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১৬৫ জন।

শেয়ার করুন