১২ আগস্ট ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি : মনু নদীর প্রকল্পটি ইতোমধ্যে প্রধানমন্ত্রী একনেক সভায় অনুমোদন দিয়েছেন। বছরের শেষে শুরু হবে প্রকল্পের কাজ। প্রকল্প পরিচালকও নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রকল্পের কাজ এ বছরের শেষের দিকে নভেম্বর-ডিসেম্বরে অবশ্যই কাজ শুরু হবে।
বুধবার দুপুরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি উদ্বোধনের পরে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার একথা বলেন।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে সারাদেশে ১০ লাখ গাছের চারা রোপণের সূচনা করেন সিনিয়র সচিব। তিনি গতকাল পরিদর্শন করেছেন সিলেট ও সুনামগঞ্জ। মৌলভীবাজার জেলার পরিদর্শন করে তিনি চলে গেছে হবিগঞ্জে।
সূত্র আরো জানায়, বুধবার তিনি কুলাউড়া উপজেলার ফানাই নদী খনন কার্যক্রম পরিদর্শন করেন এবং নদীর পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ নদীর ৩৯ দশমিক ৫ কিলোমিটার দৈর্ঘ্যের মধ্যে ইতোমধ্যে ৩৩ কিলোমিটার নদী খনন করা হয়েছে। অবশিষ্ট ৬ কিলোমিটার শুষ্ক মৌসুমে করা হবে। নদীটি কর্মধা ইউনিয়ন থেকে উৎপন্ন হয়ে ভুকশিমইল ইউনিয়নের হাকালুকি হাওরে গিয়ে পড়ছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সিলেট উত্তর পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একেএম শহিদুল ইসলাম, মৌলভীবাজার পৌর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার, পানি উন্নয়ন বোর্ড, মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী প্রমুখ।