৮ আগস্ট ২০২০
নিজস্ব প্রতিবেদক : বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়র-৩, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রোশনা বেগম (৫০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শুক্রবার রাত পৌনে ১০টায় সিলেট নগরের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুক্কুর বলেন, প্যানেল মেয়র রোশনা বেগম করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনার পাশাপাশি তিনি হৃদরোগ ও কিডনি রোগে ভুগছিলেন। একদিন আগেও রোশনা আপাকে হাসপাতালে গিয়ে দেখে এসেছি। তবে তিনি এভাবে আমাদের ছেড়ে চলে যাবেন কখনও ভাবিনি। আমাদের পরিষদের সকলের প্রিয় ছিলেন তিনি। তিনি সবসময় মানুষের কল্যাণের কথা বলতেন এবং কল্যাণের কাজ করতেন। তার মৃত্যুতে আমরা শোকাহত। দোয়া করি আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন।
হাসপাতাল সূত্র জানায়, ঈদের পরদিন (২ আগস্ট) অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলে নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস শনাক্ত হয়।
এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১৫২ জন মারা গেলেন। এর মধ্যে সিলেটের ১১২ জন, সুনামগঞ্জে ১৬ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজারে ১৩ জন।