১০ জানুয়ারি ২০২৩


জকিগঞ্জে কুশিয়ারার আকস্মিক ভাঙ্গনে নিঃস্ব হচ্ছেন মানুষ

শেয়ার করুন

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জে হঠাৎ করেই বেড়েছে কুশিয়ারা নদীর ভাঙণ। বন্যা, বৃষ্টি, নদীর তীব্র স্রোত ছাড়াই ভাঙনের কবলে পড়েছেন নদী তীরবর্তীরা। অনেকে হারিয়েছেন বসতভিটা, জমি সহ নানা স্থাপনা।

জানা যায়, রোববার হঠাৎ করে উপজেলার বীরশ্রী ইউনিয়নের সুপ্রাকান্দি গ্রামে বড় ভাঙ্গন দেখা দিয়েছে। সুপ্রাকান্দি গ্রামের পশ্চিম পাশে নতুন করে নদী ভাঙন শুরু হয়েছে। অতিসম্প্রতি কুশিয়ারার তীব্র ভাঙনে জমিগুলো নদীতে চলে গেছে। প্রায় প্রতিদিনের এ ভাঙনে জমিতে রোপন করা গাছপালা, রাস্তা নদীতে হারিয়ে যাচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও গ্রামবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে।

এ ভাঙ্গণে ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন সুপ্রাকান্দি গ্রামের জামিল আহমদ। আকস্মিক এ ভাঙ্গণের ফলে তার একমাত্র বসতভিটা নদী গর্বে হারিয়ে গেছে। তিনি বলেন, হঠাৎ করেই নদী ভাঙ্গণের কবলে পড়ে আমার বসতভিটা নদীতে তলিয়ে গেছে। দ্রুত নদী ভাঙ্গণ রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্টদের কাছে অনুরোধ জানান তিনি।

বীরশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার জানান, হঠাৎ করে নদী ভাঙ্গণের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও গ্রামবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে। দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে গ্রামের বাসিন্দাদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হবে।

এদিকে, এ ঘটনার পর পানি উন্নয়ন বোর্ডের লোকজন কুশিয়ারার ভাঙন কবলিত সুপ্রাকান্দি এলাকা পরিদর্শন করেছেন। ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তারা।

শেয়ার করুন