৪ আগস্ট ২০২০


আজও তীব্র তাপদাহ, রাতে হতে পারে বৃষ্টি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : শ্রাবণের শেষ দিক হলেও তাপপ্রবাহ আর তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সিলেটের জনজীবন। গত দুই দিনে সূর্যের প্রখরতা যেন স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে অস্বাভাবিকতার দিকে ছুটছে। সোমবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৬ ডিগ্রী সেলসিয়াস।

কয়েক দিন বৃষ্টি না হওয়া আর প্রচণ্ড রোদে ঘর থেকে বের হতে পারছে না শ্রমিক, দিন মজুরসহ খেটে খাওয়া সাধারণ মানুষগুলো। আর অতিরিক্ত গরমে একটু শীতল পরিবেশ ও স্বস্তির জন্য ঠাণ্ডা পানি, কোমল পানীয়, আইসক্রিম, ফুটপাতের দোকানে বানানো শরবত কিনে খেতে দেখা গেছে অনেককে।

এদিকে মঙ্গলবার বিকেল থেকে সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়ে সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, ‘দেশের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হলেও মঙ্গলবার বিকেল থেকে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তা পরিমাণে খুব কম হবে। কিন্তু রাতে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।’

তিনি আরও বলেন, ‘বুধবার থেকে ১৩ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে প্রতিদিনই বৃষ্টি হতে পারে। এতে আবহাওয়াও কিছুটা স্বাভাবিক থাকবে।’

শেয়ার করুন