২৫ সেপ্টেম্বর ২০১৭


‘রোহিঙ্গা সমাধান মিয়ানমারকেই করতে হবে’

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, রোহিঙ্গা শরণার্থী সংকট মিয়ানমার সৃষ্টি করেছে। সুতরাং তাদেরই তা সমাধান করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে অবশ্যই ফিরে যেতে হবে। তার বক্তব্যের সঙ্গে জাতিসংঘ সহমত প্রকাশ করে।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, সবার আগে রাখাইনে সন্ত্রাস বন্ধ করতে হবে। সীমান্তে মাইন অপসারণ করতে হবে। সকল সমস্যা সমাধান কফি আনান রিপোর্টে বলা আছে।

ফিলিপ্পো গ্র্যান্ডি আরও বলেন, তিন দিনের সফরে বাংলাদেশে এসে শনিবারই ঢাকা হয়ে কক্সবাজার যাই। দুই দিন কক্সবাজারে বেশ কয়েকটি এলাকায় রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শন করি। এটি বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী স্থানান্তর। মাত্র এক মাসের মধ্যে ৪ লাখ ৪০ হাজার শরণার্থী বাংলাদেশে এসেছে। কক্সবাজারে রোহিঙ্গাদের থাকার জায়গা, পানি, স্যানিটেশন ও খাদ্যের প্রয়োজন।

তিনি বলেন, এত অল্প স্থানে এত মানুষ বাস করছে যার একদিকে নদী, একদিকে সীমান্ত, অন্যদিকে সাগর। এ এক সংকটময় অবস্থা। সবচেয়ে অসহায় নারী, শিশু ও বৃদ্ধরা। যারা এসেছেন, তারা শারীরিক, যৌন নির্যাতন থেকে এমন কোনো অত্যাচার নেই যা সহ্য করেনি।

ইউএনএইচসিআর প্রধান বলেন, নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমি বৈঠক করি। সেখানে আমি বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করলে তিনি আমাকে স্বাগত জানান। আমি জরুরি ভিত্তিতে এখানে এসেছি। সেখানে বৈঠকে তিনি আমাকে বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার মধ্যেই সংকটের সমাধান।

তিনি আরও বলেন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রাথমিকভাবে সহায়তা হিসেবে ৭৭ মিলিয়ন ডলার চাওয়া হয়েছে।

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করে ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, এমন মানবিক আচরণ করার জন্য বাংলাদেশের মানুষের প্রশংসা করতেই হয়। অনেক দেশই এমন অবস্থায় সীমান্ত বন্ধ করে দেয়। কিন্তু বাংলাদেশ উন্মুক্ত করে দিয়েছে। অনেক মানুষ সাহায্য দিয়েছে।

তিনি আরও বলেন, এখন শরণার্থীদের জন্য আশ্রয় কেন্দ্র, পানি ও পয়ঃনিষ্কাশন দরকার। খাদ্য নিয়মিত বিতরণও একটি বড় চ্যালেঞ্জ। শুধু খাদ্য নয় শিশুদের শিক্ষাও খুব দরকার।

 

 

(আজকের সিলেট/২৫ সেপ্টেম্বর/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন